ভিসা জটিলতা : যাত্রা শুরু করেনি মিতালী এক্সপ্রেস

বাংলাদেশ রেলওয়ের লোকবলসহ ‘যাবতীয় প্রস্তুতি’ থাকলেও ভারতের ভিসা দেওয়ার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় চালু হয়নি আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন।
ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটির চলাচল শুরু করতে গত সপ্তাহেও বৈঠক করেছে রেলওয়ে। আলোচনা হয়েছে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার জানান, দ্রুত ট্রেনটি চালু করার চেষ্টা চলছে, ভিসার জন্য বিষয়টি আটকে আছে।
“ভারত আমাদের বলেছে তারাও ট্রেনটি চালাতে চায়। কিন্তু এজন্য কিছু ফরমালিটিজ আছে। ভারত যদি ভিসা না দেয় তাহলে সেখানে কারা যাবে, যাত্রী কোথা থেকে আসবে।”
ট্রেনটি চালুর বিষয়ে গত ১৫ মার্চ বাংলাদেশ রেলওয়ের একটি চিঠিতে বলা হয়, শিগগির মিতালী এক্সপ্রেস চালু করা হবে। চিঠির অনুলিপি রেলওয়ের বিভিন্ন বিভাগে পাঠানো হয়।
এরপর ট্রেনটি উদ্বোধনের এক বছর পর এবারের স্বাধীনতা দিবসে চালু হবে বলে গণমাধ্যমে খবর বের হয়। তবে শনিবার ভিসা সংক্রান্ত জটিলতায় তা যাত্রা শুরু করেনি।
ধীরেন্দ্র নাথ মজুমদার জানান, মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে গেল সপ্তাহে বৈঠক করেছে রেলওয়ে। এছাড়া গত বুধবার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে ভিসার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
-B










