মাঙ্কিপক্স : জরুরি অবস্থা জারি ক্যালিফোর্নিয়ায়
মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টাকে গতিশীল করতেই ওই অঙ্গরাজ্যের মেয়র সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন। গত তিন দিনের ব্যবধানে এ নিয়ে দেশটির দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে মাঙ্কিপক্স সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে দেশটির নিউইয়র্ক সিটি। শহরটিকে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের ‘এপিসেন্টার’ বা ‘উপকেন্দ্র’ বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারির ফলে নগর কর্মকর্তারা স্থানীয় স্বাস্থ্য কোডের অধীনে জরুরি আদেশ জারি করতে এবং বিস্তারের গতি কমাতে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেয়ার অনুমতি পাবেন। নিউইয়র্ক সিটিতে প্রায় দেড় লাখ মানুষ মাঙ্কিপক্স সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
এ দিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, সরকারিভাবে যে প্রস্তুতি নেয়া হয়েছে তা গতিশীল করতে, আরো বেশি ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং লোকজন যেন সহজেই চিকিৎসা ও ভ্যাকসিন পেতে পারে সেই প্রচেষ্টার অংশ হিসেবেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
তিনি বলেন, ভ্যাকসিন আরো সহজলভ্য করতে, সচেতনা বাড়াতে এবং ঝুঁকি কমিয়ে আনতে আমরা ফেডারেল সরকারের সঙ্গে কাজ করে যাব। ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত মাঙ্কিপক্সের প্রায় ৮০০ কেস শনাক্ত হয়েছে বলে রাজ্যের গণস্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এটি এক বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাস এতই বিরল যে, এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি জানা নেই চিকিৎসকদের। মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের খোঁজ মেলে। তবে নাম ‘মাঙ্কিপক্স’ হলেও একাধিক বন্যপ্রাণীর মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।
-B










