চায়না ইস্টার্ন এয়ারলাইনস ও ইতিহাদের মধ্যে এমওইউ

ইতিহাদ এয়ারওয়েজ ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের মধ্যে একটি কৌশলগত সহযোগিতামূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এটি তাদের অংশীদারত্বকে শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যিক ও অপারেশনাল সম্পর্ক সম্প্রসারণ করতে সহায়তা করবে।
এমওইউটি প্রতিষ্ঠান দুটির মধ্যে গভীর সহযোগিতা অন্বেষণের অঙ্গীকারকে তুলে ধরেছে। এর মাধ্যমে এয়ারলাইনসের যাত্রীদের পছন্দ অনুযায়ী আরো ভালো মানের সেবা দেয়া হবে। এছাড়া এটি টেকসই বিমান চলাচলেও অবদান রাখবে।
এ অংশীদারত্বের ওপর ভিত্তি করে এয়ারলাইনসগুলো বিস্তৃত সহযোগিতার পরিকল্পনা তৈরি করছে। এর মধ্যে রয়েছে কোড বিনিময়, কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম (ছাড়), কার্গো পরিবহন, রক্ষণাবেক্ষণ, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, লাউঞ্জ অ্যাকসেস ও কর্মীদের প্রশিক্ষণ। এয়ারলাইনসের এ বিস্তৃত পদ্ধতি বিশ্বমানের আতিথেয়তার মান বজায় রাখার সক্ষমতা বাড়াবে।
সমঝোতা স্মারকটির জন্য আবুধাবি বিমানবন্দর, সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা হবে, যা চায়না ইস্টার্নকে আবুধাবিতে তাদের ব্যবসা শুরু করতে সহায়তা করবে।
ইতিহাদ ও চায়না ইস্টার্ন ফ্লাইটের অংশীদারত্বের ফলে চীন-ইউএইর মধ্যকার এয়ার ট্র্যাফিক আরো শক্তিশালী হবে। এটি চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মধ্যে সংযোগের জন্য একটি আদর্শ কেন্দ্র তৈরি করবে।
ইতিহাদের সিইও আন্তোনোয়ালদো নেভেস জানান, এ সমঝোতা স্মারকটি একটি মাইলফলক। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে দীর্ঘমেয়াদি পারস্পরিক সহযোগিতা তৈরি হবে। এটি আবুধাবি ও চীনের মধ্যে সরাসরি সংযোগের বিকাশ ঘটাবে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সমর্থন করবে। একই সঙ্গে এটা আকাশপথে নতুন সিল্করুট গড়বে। যা অর্থনীতি, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়কে গতিশীল করবে।
প্রসঙ্গত, স্কাইটিম এয়ারলাইন অ্যালায়েন্সের সদস্য হিসাবে চায়না ইস্টার্ন ১৮৪টি দেশ ও অঞ্চলে ১০৮৮টি গন্তব্য বিমান পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলেছে। ১০০টির বেশি দেশী ও বিদেশী শাখা অফিস রয়েছে। অন্যদিকে ইতিহাদ এয়ারওয়েজ ৫৫টি দেশের ৮৫টি গন্তব্যে প্রতি সপ্তাহে ১ হাজার ৩০০-র বেশি ফ্লাইট পরিচালনা করে। এর সংগ্রহে রয়েছে ৬৭টি এয়ারবাস ও বোয়িং বিমান। ২০১১ সালে ইতিহাদ ৮৩ লাখ যাত্রী পরিবহন করেছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। আগামী বছর জানুয়ারিতে এয়ারলাইনসটি ভারতের কোঝিকোড় ও তিরুবনন্তপুরমে দুটি নতুন রুট চালু করবে। সব মিলিয়ে চলতি বছর ইউরোপ, এশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি নতুন রুট ঘোষণা করেছে ইতিহাদ।
-B










