দুই শর্তে গড়ে উঠবে মৌলভীবাজার সাফারি পার্ক

ঢাকা: দেশের তৃতীয় সাফারি পার্ক—বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই শর্তে প্রতিষ্ঠা করা হচ্ছে। পরিবেশ অধিদফতর থেকে অবস্থানগত ছাড়পত্র এবং প্রকল্পভুক্ত জমিতে কোনও গাছ ও পাহাড় না কাটার শর্তে গড়ে তোলা হবে এই সাফারি পার্ক। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর নাগাদ প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হবে।
প্রকল্পের আওতায় ৫ হাজার ৬৩১ একর এলাকায় সাফারি পার্ক প্রতিষ্ঠা করা হবে। পরিবেশবান্ধব বেষ্টনী নির্মাণ করা হবে। বায়োডাইভার্সিটি পার্ক স্থাপন করা হবে। পার্কের ভেতরে শিক্ষা ও গবেষণার, বন্যপ্রাণী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। ২০০ হেক্টর এলাকায় ফল ও পশু খাদ্যের বাগান সৃষ্টি করা হবে। পার্কের ভেতরে ২৫ হেক্টর এলাকায় চারণভূমি, বিরল ও বিলুপ্তপ্রায় ২৫ হাজার চারা রোপণ, শোভা বর্ধনকারী স্ট্রিপ বাগান সৃষ্টি, সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ অস্থায়ী বেষ্টনী, ২টি আরসিসি বাঁধ, রিটেইনিং ওয়াল, আরসিসি রোড, ওয়াকওয়ে, জেনারেটর সহ একটি সাবস্টেশন নির্মাণ করা হবে। সাইনেজ (বিল বোর্ড, ডিস্প্লে ম্যাপ, সাইনবোর্ড ইত্যাদি) এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভিসহ সিকিউরিটি সিস্টেম, আইটি ব্যবস্থা, ট্রান্সটাইল গেট সমাধান সহ এক্সেস কন্ট্রোল সিস্টেম, সাউন্ড সিস্টেম এবং ডিজিটাল টিকেটিং ব্যবস্থা ইত্যাদিও থাকবে প্রকল্প এলাকায়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, কক্সবাজার চকোরিয়া উপজেলায় দেশের প্রথম সাফারি পার্ক অবস্থিত। এর অপর নাম ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সাফারি পার্ক। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১১ সালে গাজীপুরে প্রতিষ্ঠিত হয় দেশের দ্বিতীয় সাফারি পার্ক, যেটি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নামে পরিচিত। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের পীরুজালী মৌজার খণ্ড খণ্ড শাল বনের ৪ হাজার ৯০৯ একর বনভূমিতে গড়ে তোলা হয়েছে। এই সাফারি পার্কগুলো ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত।
বন অধিদফতর সূত্র জানিয়েছে, সাফারি পার্কের মূল উদ্দেশ্য হচ্ছে- বন্যপ্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সংরক্ষণ; বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসস্থলে এবং আবাসস্থলে বাইরে সংরক্ষণ ও উন্নয়ন সাধন; ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা; চিত্তবিনোদন, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি করা; বন্যপ্রাণীর খাদ্য উপযোগী ফলজ, ফডার, ও মিশ্র প্রজাতির বাগান সৃষ্টি করা; বনের বন্যপ্রাণী যেমন বানর, মায়া হরিণ, বেজি, বনরুই, ছোট খাটাশ, বন বিড়াল, খরগোশ, শিয়াল, খেঁকশিয়াল ও অজগরসহ বিপন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সৃষ্টি ও সংরক্ষণ করা।
এছাড়া বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন বাঘ, চিতাবাঘ, সম্বর হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ এবং অন্যান্য তৃণভোজী বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা; গণ্ডার, এশীয় হাতি, পাখি পরিযান, জলচর পাখি, বনছাগল, সিংহ, স্লথ ভালুক, এশীয় কালো ভাল্লুক, স্বাদুপানির কুমির, লোনা পানির কুমির, নীলগাই, জলহস্তী ইত্যাদি বিপন্ন ও বিলুপ্ত বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা; আহত ও উদ্ধারকৃত বন্যপ্রাণীর চিকিৎসায় সেবাশ্রম ও হাসপাতাল স্থাপন করা; সারা দেশে বন্যপ্রাণী সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা।
২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এটি চলতি ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উচ্চ অগ্রাধিকারভুক্ত প্রকল্প হিসাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।
-B










