ঝুঁকি বাড়ায় চীনা উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত নেপাল এয়ারলাইন্সের

বারবার ইঞ্জিনে ত্রুটি। যার জেরে ঘনঘন করতে হচ্ছে মেরামতি। বাড়ছে খরচ। সেই সঙ্গে ঝুঁকি থেকে যাচ্ছে উড়োজাহাজের। এই অবস্থায় ৫টি চীনা বিমান বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল প্রশাসন।
শনিবার (১৯ নভেম্বর) কাঠমাণ্ডুর তরফে জানানো হয়েছে, রক্ষণা-বেক্ষণের খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল এয়ারলাইন্স।
যে ৫টি বিমান বিক্রি করে দেওয়া হবে, তার মধ্যে ২টি ৫৬ আসনের MA-60 উড়োজাহাজ। বাকি তিনটি Y-12 ক্যাটাগরির উড়োজাহাজ। এই ৩টি উড়োজাহাজ প্রপেলার চালিত এবং এতে আসন সংখ্যা ১৭ বলে জানিয়েছে নেপালের অর্থ মন্ত্রনালয় ।
উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত নেপথ্যের কারণও ব্যাখ্যা করেছে প্রশাসন। সেখানে বলা হয়েছে, হিমালয়ের কোলের দেশ হওয়ায় এই ধরনের উড়োজাহাজ নিয়ে যাত্রা করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল।
প্রসঙ্গত, গত কয়েক বছরে এভারেস্টগামী বেসক্যাম্পের শহর লুকলা ও পর্যটনক্ষেত্র পোখরায় বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই খারাপ আবহাওয়ার পাশাপাশি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করেছে নেপাল এয়ারলাইন্স।
-B










