এনএইচটিটিআই পরিচালিত ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ২০২৩ উদ্বোধন

ঢাকাঃ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধিনস্ত ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট পরিচালিত ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ২০২৩ কোর্স সমূহের শুভ উদ্বোধন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেনের ইন্সটিটিউটটি পরিদর্শন উপলক্ষে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনএইচটিটিআই এর বর্তমান প্রেক্ষিত, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সম্যক আলোচনা করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, ১৯৭২ সালের ২৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ নং ১৪৩ বলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পর্যটন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ের লক্ষে ১৯৭৪ সালে ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়, যা অদ্যাবধি দক্ষ মানব সম্পদ তৈরিতে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি তার বক্তব্যে আরও বলেন, এ শিল্পে পেশাদার ও প্রশিক্ষিত জনবল যোগান দেয়া এবং বিদেশে দক্ষ মানব সম্পদ প্রেরণের তাগিদে আন্তর্জাতিক মানের সিলেবাস ও ভৌত অবকাঠামোর প্রয়োজন অনুভূত হওয়ায় ইউএনডিপি/আইএলও’র আর্থিক ও কারিগরি সহায়তায় তিনটি ধাপে ভবন নির্মাণ, ব্যাবহারিক শিক্ষার যন্ত্রপাতি দ্বারা শ্রেণীকক্ষ ও ল্যাবসমূহ সজ্জিত করা, বিদেশি বিশেষজ্ঞ দ্বারা সিলেবাস প্রণয়ন ও ইন্সটিটিউটের প্রশিক্ষকদের দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সার্বিক ভাবে একটি পরিপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয়েছে।
শ্রমঘন এ শিল্পে সফলতার সাথে দেশ-বিদেশের বিভিন্ন হোটেল, মোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট, এয়ারলাইন্স, ট্র্যাভেল এজেন্সিতে এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীগণ সুনামের সাথে সেবা প্রদানের মাধ্যমে এনএইচটিটিআই এর পতাকা সমুন্নত রেখেছে, তিনি আরও বলেন।
উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার, সংস্থার পরিচালকবৃন্দ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
- T










