বিমানবন্দর নয় -যেন ঝুলন্ত বাগান!

হঠাৎ করে দেখলে মনে হবে কোন রাজপ্রাসাদের অন্দরমহলের ছবি দেখছেন। চারিদিকে আলো, তকতকে মেঝে এবং পরিপাটি করে সাজানো অন্দরসজ্জা দেখে যে কেউ হবেন অবাকও। যদিও এটি কোনো রাজপ্রাসাদ নয়।
ভারতের কাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Kempegowda International Airport) টার্মিনাল ২ তে গেলেই প্রত্যক্ষ করা যাবে এই সৌন্দর্য। বিমানবন্দরটিকে সাজানো হয়েছে এভাবেই।
মূলত, এই টার্মিনালটি বেঙ্গালুরুর গার্ডেন সিটির আদলে তৈরি করা হয়েছে। পাশাপাশি, এই বিমানবন্দরে আগত যাত্রীদের মনে হবে তাঁরা যেন কোনো বাগানে হেঁটে বেড়াচ্ছেন।
যাত্রীরা এখানে এসে দশ হাজার বর্গমিটারেরও বেশি সবুজ দেওয়াল, ঝুলন্ত উদ্যান এবং বাগানের মধ্য দিয়ে চলাচল করতে পারবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক বিমানবন্দরটি আগে থেকেই পুরো পরিসর জুড়ে ১০০ শতাংশ রিনুয়েবল এনার্জি ব্যবহার করার ক্ষেত্রে নজির স্থাপন করেছে।
মূলত, এই টার্মিনালটি আকাশপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হবে। এছাড়াও, এটি বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং ক্ষমতার পাশাপাশি চেক-ইন এবং ইমিগ্রেশনের জন্য কাউন্টারগুলিকেও দ্বিগুণ করবে। এই প্রসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, কেম্পেগৌড়া বিমানবন্দরের যাত্রী পরিচালনার ক্ষমতা বর্তমানে বার্ষিক ২৫ মিলিয়ন। যা এই টার্মিনাল ২-এর মাধ্যমে বার্ষিক প্রায় ৫-৬ কোটিতে বৃদ্ধি পাবে।
প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি গতকাল ১১ নভেম্বর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
ইতিমধ্যেই টার্মিনালটির বেশ কিছু চকচকে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
-B










