সেরা এজেন্টদের পুরস্কৃত করল নভোএয়ার

যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের সেরা ১০টি ট্রাভেল এজেন্সিকে পুরস্কার দিয়েছে নভোএয়ার।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে নভোএয়ারের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার প্রাপ্ত এজেন্সিগুলো হলো- শেয়ারট্রিপ লিমিটেড, বিফ্রেশ লিমিটেড, গোজায়ান লিমিটেড, এইচআইএস ট্রাভেল লিমিটেড, ট্রিপলাভার লিমিটেড, সায়মন ওভারসিজ লিমিটেড, ফ্লাইট এক্সপার্ট, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন, ট্রাভেল চ্যানেল ও ট্রাইওটেল ট্রাভেল লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘নভোএয়ার সময়ানুযায়ী ভ্রমণ নিশ্চিত করে দেশের ব্যাবসা বাণিজ্যের প্রসারে একটি বিশেষ অবদান রাখছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোয় বেশি ফ্লাইট পরিচালনায় ব্যবসা- বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করি, নভোএয়ার সুনাম ধরে রেখে অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজনের নেটওয়ার্ক বৃদ্ধি করে একটি বিশ্ব মানের এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘নভোএয়ার শতভাগ কমপ্লায়েন্স মেনে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নভোএয়ার কর্তৃপক্ষ সব সময়ই সচেষ্ট।’
বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিলেন জানিয়ে নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, ‘যাত্রী সেবার মানের ক্ষেত্রে কখনোই আপোষ করিনি। প্রতিনিয়তই চেষ্টা করছি নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করতে।’
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার। নিরাপত্তা ও সেবা, এই দুই মূলমন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ,যশোর ,সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া যশোর থেকে কক্সবাজার রুটে ও রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি যাত্রী পরিবহন করছে। ১০ বছরে ১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে সাড়ে ৫৫ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে নভোএয়ার।
-B










