যাত্রী সংকটে বন্ধ হচ্ছে নভোএয়ার: ফ্লাইট কমাচ্ছে বিমান
ঢাকা-বরিশাল রুট

ঢাকা-বরিশাল আকাশপথে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় নভোএয়ার এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ হচ্ছে আগামী ১ আগস্ট থেকে আর রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে একই কারণে।
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় বেড়েছে সড়ক পথে যাত্রীদের যাতায়াত। ঢাকা থেকে মাত্র তিন ঘণ্টায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে আসতে পারছে যাত্রীরা। গত মাসের ২৫ জুন উদ্বোধন এবং ২৬ জুন সর্বসাধাণের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করার পর নৌ-পথে ও আকাশ পথে যাত্রী হ্রাস পেতে শুরু করে।
মাত্র এক মাসের ব্যবধানে লঞ্চ ও বিভিন্ন এয়ারলাইনস কোম্পানি ভাড়া কমিয়েও টিকে থাকতে পারছে না। সম্প্রতি নৌ-পথের জনপ্রিয় দিবা সার্ভিস গ্রিন লাইন ওয়াটার ওয়েজ যাত্রী সংকটে ঢাকা-বরিশাল রুটের সার্ভিস বন্ধ করে দিয়েছে।
আকাশ পথের এয়ারলাইনস নভোএয়ার যাত্রী সংকটের মুখে ১৭ থেকে ২০ জুলাই সার্ভিস রেখে চালু করলেও আগস্ট থেকে বরিশাল-ঢাকা রুটের সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নভোএয়ার এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের নির্বাহী কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সাময়িকভাবে ১ আগস্ট থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখব। তবে যাত্রীর চাহিদা পর্যবেক্ষণে রাখব। যাত্রী সংখ্যা বাড়লে আবারও এই রুটে ফ্লাইট চালাব।
যাত্রী সংকট নিয়ে ফ্লাইট চালু রাখা উড়োজাহাজ কোম্পানিগুলোর পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঈদ পর্যন্ত মোটামুটি যাত্রী ছিল। কিন্তু এরপর যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার এ বিষয়ে কিছু জানেন না জানিয়ে বলেন, কোনো কোম্পানি ফ্লাইট বন্ধ করলে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়। এখন পর্যন্ত নভোএয়ার এমন কোনো সিদ্ধান্ত জানায়নি।
অপরদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুটে আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বরিশাল জেলা ব্যবস্থাপক মো. আবু আহম্মেদ।
বর্তমানে সপ্তাহে প্রতিদিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট রয়েছে বিমানের। তবে যাত্রী সংকটের পাশাপাশি ক্রু সংকটের কারণে আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহে তিন দিন যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর ঢাকা-বরিশাল রুটে যাত্রীসংখ্যা কমতে থাকে। এতে দুশ্চিন্তায় পড়ে বেসরকারি বিমানসংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা। যাত্রী ধরে রাখতে তারা ঈদুল আজহার পর ভাড়াও কমিয়ে দেয়।
নভোএয়ার এর বরিশাল সিনিয়র এক্সিকিউটিভ সেলস্ এন্ড মার্কেটিং আরেফিন জানান, আগামী ১ আগস্ট থেকে সাময়িকভাবে তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ইউএস বাংলার বরিশালের স্টেশন ম্যানেজার সাইফুর রহমান জানান, ঢাকা-বরিশাল রুটে তাদের সকাল-বিকাল ৭৬ আসন ও ৭২ আসনের উড়োজাহাজ যাত্রী পরিবহন করছে। সেতু চালু হওয়ার পর প্রায়ই প্রতিটি ফ্লাইটে যাত্রী কমেছে।
বাংলাদেশ বিমানের বরিশাল স্টেশনের দায়িত্বশীল সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর ঢাকায় যাতায়াতে সময় কমে যাওয়ায় যাত্রী কমে গেছে। বিভিন্ন এয়ার লাইনস থেকে প্রাপ্ত তথ্যমতে পূর্বে গড়ে ৬০ ভাগ টিকেট বিক্রি হলেও বর্তমানে ৩৫ ভাগের উপরে যাত্রী মিলছে না এয়ারলাইনসগুলোতে।
উল্লেখ্য, করোনা সংকটের পর প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে গত বছরের ২৬ মার্চ থেকে বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করে বাংলাদেশ বিমান। কিন্তু পদ্মা সেতু চালু হলে সড়ক পথে সহজ যোগাযোগ ও খরচ কম হওয়ায় যাত্রী সংকটে পড়ে আকাশ পথ।
বিভিন্ন সূত্র বলছে, পদ্মা সেতু চালুর পর বরিশাল তথা দক্ষিণাঞ্চল থেকে সড়কপথে যাত্রীর চাপ দুই থেকে তিন গুণ বেড়ে গেছে । বরিশাল থেকে প্রতি ৩০ মিনিট পরপর বিলাসবহুল বেসরকারি পরিবহন ও বিআরটিসির বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছুটছে। এ ছাড়া গত এক মাসে দক্ষিণের ৬ জেলার সড়কপথে প্রায় এক হাজার নতুন বাস যাত্রী পরিবহনে যুক্ত হয়েছে। ফলে নৌ ও আকাশপথে যাত্রী সংকট দেখা দিয়েছে।
প্রসঙ্গত, আকাশপথে ঢাকা-বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুটি এবং নভোএয়ার এয়ারলাইন্স একটি করে ফ্লাইট পরিচালনা করে।
-B










