রাজশাহী-কক্সবাজার রুটে উড়বে নভোএয়ার

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় শিগগিরই রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।
নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ঢাকায় নভোএয়ারের চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের সাথে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকের প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করার কথা জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচলের বিষয়টি দীর্ঘদিনের দাবি রাজশাহীবাসীর। দাবি পূরণে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। আমরা আশা করছি রাজশাহী-কক্সবাজার রুটে শিগগিরই নভোএয়ারের একটি ফ্লাইট চালু হবে। তখন দ্রুততম সময়ে রাজশাহী থেকে কক্সবাজার চলাচল করা যাবে।
-B










