ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের টিকেট বিক্রয় শুরু ২৫ আগস্ট

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও ভারতের ম্যাচসহ বেশ কিছু ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। ফলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণ চূড়ান্ত করা যাচ্ছিল না।
অবশেষে বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশের পরপরই এলো টিকিট বিক্রির দিনক্ষণের ঘোষণা। বিশ্বকাপ শুরুর ৪১ দিন আগে আগামী ২৫ আগস্ট শুরু হবে টিকিট বিক্রি। আজ বুধবার (০৯ আগস্ট) টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে আয়োজক ভারত ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
১৫ আগস্ট থেকে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নিবন্ধন করে টিকিটের জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন ক্রিকেট অনুরাগীরা। এরপর টিকিট বিক্রির খবর তাদের কাছেই সবার আগে পৌঁছাবে। একই সঙ্গে তাদের টিকিট নিশ্চিত করতে সহায়তাও করবে আইসিসি।
স্বাগতিক ভারতের ম্যাচগুলোর টিকিট বিক্রির জন্য আলাদা দিন রেখেছে আইসিসি। প্রথম দিন বিক্রি হবে ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ ম্যাচের টিকিট।
থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে ভারতের প্রস্তুতি ম্যাচ দুটির টিকেট বিক্রি হবে ৩০ আগস্ট। অস্ট্রেলিয়া (৮ অক্টোবর), আফগানিস্তান (১১ অক্টোবর) ও বাংলাদেশের (১৯ অক্টোবর), বিপক্ষে ভারত ম্যাচের টিকেট পাওয়া যাবে পরদিন।
১ সেপ্টেম্বরে পাওয়া যাবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ভারত ম্যাচের টিকিট। পরদিন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের লড়াইয়ের টিকিট পাওয়া যাবে। আর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দুই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে।
৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। ফাইনাল ১৯ নভেম্বর।
আরও পড়ুন: স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াদ এয়ারের চুক্তি
টিকিট বিক্রিতে বিলম্বের ঘটনা বিশ্বকাপে বিরল। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয় ৩০ মে, সেবার টিকিট বিক্রর ঘোষণা আসে ২০১৮ সালের সেপ্টেম্বরে। টিকিটের চাহিদা বাড়লে ২১ মার্চ নতুন করে টিকিট বিক্রি হয়, তাও বিশ্বকাপ শুরুর ৭০ দিন আগে।
-B










