বিমানের হজ কার্যক্রম ২০২৩ এর আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২০২৩ সালের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখ বিমানের পোস্ট হজের শেষ ডেডিকেটেড ফ্লাইট ৩৬১২ সকাল ০৯:১০টায় ৩৫৮ জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এছাড়াও শিডিউল ফ্লাইট বিজি ৩৩৬ এর মাধ্যমে আজ ৫০ জন সম্মানিত হাজি দেশে ফিরেছেন। এবছর পোস্ট হজে বিমান মোট ১৬৮টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ৫৯,২৭৩ জন হাজি পরিবহন করেছে। পোস্ট হজ ফ্লাইট শুরু হয় গত ২ জুলাই থেকে।
এছাড়াও এবছর বিমান প্রি-হজে মোট ১৬০টি ফ্লাইটের মাধ্যমে ৬১,১৬৮ জন হজযাত্রী পরিবহন করেছিল। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট পরিচালিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ ফ্লাইটকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। পবিত্র হজ পালন শেষে হাজিগণকে নির্বিঘ্নে দেশে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের সমাপনী উপলক্ষ্যে আয়োজন করা হয় এক অনুষ্ঠান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এম.পি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ এবং ২০২৩ সালে বিমানের হজ কার্যক্রমের সমন্বয়ক যুগ্মসচিব জনাব মোঃ ছিদ্দিকুর রহমান ও অন্যান্য পরিচালকবৃন্দ, বিমান ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হজ ফ্লাইট অবতরণের পর অতিথিগণ হাজিগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে জমজমের পানি তুলে দেন। প্রতিমন্ত্রী সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করার জন্য বিমান ও সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
-B










