গুয়াংজুতে বিমানের ওয়ানওয়ে ভাড়া আড়াই লাখ টাকা
সম্প্রতি চালু হওয়া ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের দ্বিতীয় ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করবে বিমান। ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী (ওয়ানওয়ে) ভাড়া ১৩০০ থেকে ২৫০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩০ হাজার থেকে প্রায় আড়াই লাখ টাকা।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টা থেকে টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিমানের দেশে-বিদেশে অবস্থিত যেকোনো বিক্রয় কেন্দ্র ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে পারবেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১৫ সেপ্টেম্বর বিমানের ফ্লাইট বিজি-৩৬৬ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টায় উড্ডয়ন করে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪৫ মিনিটে।
তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে যাত্রার ক্ষেত্রে ইকোনমি ক্লাশের একমুখীসর্বনিম্ন ভাড়া ১৩০০ মার্কিন ডলার হতে শুরু করে ২৫০০মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। বিজনেস ক্লাশের একমুখী ভাড়া ২৮০০ মার্কিন ডলার থেকে শুরু করে ৩২০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। সকল ক্ষেত্রে ট্যাক্স এর পরিমান বাংলাদেশি টাকায় ৮৭১৭ টাকা। বাজারের চাহিদা অনুযায়ী প্রচলিত নিয়মে ভাড়া ক্রমান্নয়ে উর্ধমুখী হবে।
উল্লেখ্য, বিমানের ভাড়া বাজারের বর্তমান চাহিদার তুলনায় কম বিধায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকেট বিক্রয় করা হবে।
গুয়াংজু-ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের টিকেট বিমানের দেশি-বিদেশি
বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও ক্রয় করা যাবে। ফিরতি ফ্লাইটের ভাড়া বিমানের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।
-B










