প্যারিস অলিম্পিকের উদ্বোধন আজ
প্যারিস: ফুটবল, রাগবিসহ একাধিক ইভেন্ট দিয়ে ২৪ জুলাই শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। বিশ্বের সর্ববৃহৎ এ ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুক্রবার (২৬ জুলাই)। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারিসের কেন্দ্রে সিন নদীতে নৌ প্যারেডে অংশ নেবেন সারা বিশ্ব থেকে আসা অ্যাথলিটরা। এর মধ্য দিয়ে ইতিহাসের অংশ হবে প্যারিস অলিম্পিক।
এই প্রথম স্টেডিয়ামের বাইরে হচ্ছে কোনো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। সাহিত্য, সংস্কৃতির নগরী প্যারিস হয়ে উঠছে ক্রীড়ারও নগরী। আজ অনন্য এক উদ্বোধনী অনুষ্ঠান রোশনাই ছড়িয়ে দেবে গোটা সিন নদীতে, আর সেই আলোয় আলোকিত হবে প্যারিস ও গোটা ফ্রান্স।
প্রতিটি জাতির জন্যই থাকবে আলাদা নৌকা। নৌকাগুলোয় ক্যামেরা থাকবে বলে টেলিভিশন ও অনলাইনের দর্শক অ্যাথলিটদের খুব ভালোভাবে দেখতে পারবে। অ্যাথলিটরা আইফেল টাওয়ারের পূর্ব কোনায় অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর পূর্ব থেকে পশ্চিমে ছয় কিলোমিটার পথ অতিক্রম করবেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) নৌবহর পৌঁছবে ত্রোকাদেরোয়, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মূলত মন হরণকারী দৃশ্যের অবতারণা হবে নদীতে। স্বচ্ছ পানিতে রঙিন সাজে সজ্জিত নৌকাগুলোয় অ্যাথলিটদের উচ্ছল উপস্থিতি প্রাণ কাড়বে সবার।
উদ্বোধনী অনুষ্ঠানটি যত বেশি সম্ভব মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ৮০টি জায়ান্ট স্ক্রিন ও প্রচুরসংখ্যক স্পিকার থাকবে, যা উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত সাধারণ দর্শকের কাছে পৌঁছে দেবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে অলিম্পিক ইতিহাসেরই সর্ববৃহৎ: প্যারিস ও এর আশপাশের অঞ্চল, সারা ফ্রান্স ও বহির্বিশ্ব থেকে আসা পর্যটক এবং বাকি বিশ্বের জন্য এটা হবে উন্মুক্ত এক মহাযজ্ঞ।
অ্যাথলিটরাই হচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণ। এর মধ্য দিয়ে ভাঙছে প্রথাও। পরিচিতি পর্ব কিংবা অনুষ্ঠান—শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে থাকবেন অ্যাথলিটরাই।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনটি পরিকল্পনা করেছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। ৪২ বছর বয়সী জলির দলে ফরাসি টিভি সিরিজ ‘কল মাই এজেন্ট’ অনুষ্ঠানের লেখক ফ্যানি হেরেরোও আছেন। আরো আছেন জনপ্রিয় লেখক লেইলা স্লিমানি ও বিখ্যাত ইতিহাসবিদ প্যাটট্রিক বুচেরোনে।
সংবাদমাধ্যম জানিয়েছে, পুরো অনুষ্ঠানকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পীরা সিনের দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোয় থাকবেন। নটর ডেম ক্যাথেড্রালও থাকবে এ উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হয়ে, ২০১৯ সালে ভয়ংকর এক অগ্নিকাণ্ডের পর যেটি এখন পুনর্নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, বিশ্বখ্যাত কানাডিয়ান সিঙ্গার সেলিন ডিওন, আমেরিকান পপস্টার লেডি গাগা ও ফরাসি-মালিয়ান সিঙ্গার আয়া নাকামুরা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ হলো মশাল দৌড়। টাইমআউট জানিয়েছে, আমেরিকান র্যাপার স্নুপ ডগ ও হলিউড অভিনেত্রী সালমা হায়েক সর্বশেষ মশাল বহন করবেন।
প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজার ৭১৪ অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার বাংলাদেশ থেকে পাঁচজন অ্যাথলিট অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। এরা হলেন আরচারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। আজ আর্চারি রিকার্ভে ৬৪ জনের মধ্যে ৪৫তম হয়েছেন বাংলাদেশের সাগর।
ইউক্রেন যুদ্ধে নিজেদের ভূমিকার জন্য অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশ। তাদের অ্যাথলিটরা নিজেদের ব্যক্তিগত পরিচয়ে খেলবেন প্যারিসে।
চিত্তাকর্ষক বিষয় হলো ফরাসি ভূখণ্ড থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরবর্তী ফ্রান্সের অধিভুক্ত অঞ্চল তাহিতিতে হচ্ছে প্যারিস অলিম্পিকের সার্ফিং খেলাটি।
অলিম্পিকের কমার্শিয়াল পার্টনার হিসেবে আছে এয়ারবিএনবি, আলিবাবা, আলিয়াঞ্জ, অটোস, ব্রিজেস্টান, কোকা-কোলা, ডেলোয়েট, ইনটেল, ওমেগা, প্যানাসনিক, স্যামসাং, টয়োটা, ভিসা।
-B










