নওগাঁয় চালু হচ্ছে ট্যুরিস্ট বাস সার্ভিস

ইতিহাস ও ঐতিহ্যের নানা নির্দশনে ভরা উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে ঈদের দ্বিতীয় দিন থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস। চলবে ১৫ দিন পর্যন্ত। স্থানীয়রা একে সাধুবাদ জানিয়ে এমন উদ্যোগ সারা বছরই চালু রাখার দাবি জানিয়েছেন। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা।
পরিবার-পরিজন নিয়ে পর্যটকদের পক্ষে এক দিনে একাধিক ঐতিহাসিক স্থান দর্শন করা সম্ভব নয়। তাই স্বল্প খরচে এক দিনে একাধিক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভ্রমণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রথম ট্যুরিস্ট বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। এই ট্যুরিস্ট বাস সার্ভিসে বদলে যাবে ইতিহাস ও ঐতিহ্যের নানা নির্দশনে ভরা উত্তরের সীমান্তবর্তী জেলা এলাকার আর্থসামাজিক অবস্থা এমনটাই আশা করছেন নওগাঁবাসী।
এ ব্যাপারে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, নওগাঁর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দেশসহ বিশ্বের পর্যটকদের কাছে নতুন করে তুলে ধরতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রথম আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আনুষ্ঠানিক ভাবে ট্যুরিস্ট বাস সার্ভিসের উদ্বোধন হতে যাচ্ছে।
উদ্বোধনের পর প্রতিদিন ট্যুরিস্ট বাস শহরের মুক্তির মোড় থেকে সকাল ৯টায় যাত্রা শুরু করবে। মুক্তির মোড়ের পদ্মা বাস কাউন্টার থেকে এই প্যাকেজের টিকিট পাওয়া যাবে। প্রাথমিক পর্যায়ে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে একটি বাস প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে ৪৫০ টাকার একটি প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো বলেন, এই প্যাকেজে একজন পর্যটক খুব সহজেই প্রথমে ভারত সীমান্তঘেঁষা উপজেলা ধামইরহাট উপজেলার জাতীয় উদ্যান শালবন বিহারের আলতাদীঘি, ঐতিহাসিক জগদ্দল বিহার, বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও হলুদ বিহার ভ্রমণ করতে পারবেন।
এ ছাড়া প্যাকেজের মাধ্যমে ভ্রমণরত পর্যটকরা সকাল ও বিকালের নাশতা এবং দুপুরের খাবার পাবেন। বাড়তি আকর্ষণ হিসেবে প্রতিবার ভ্রমণের দিন বিকালে পাহাড়পুর বৌদ্ধবিহারে স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এরপর হলুদ বিহার দর্শন শেষে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এসে শেষ হবে ওই দিনের ভ্রমণ। প্রাথমিক পর্যায়ে চারটি ঐতিহাসিক স্থান ভ্রমণের রুট হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী সব ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্যও প্যাকেজ তৈরি করা হবে।
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়ে বলেন, নওগাঁ হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত একটি জেলা। এই জেলায় মিশে আছে হাজার বছরের ইতিহাস। এই উদ্যোগে নওগাঁর পর্যটন এলাকাগুলো নতুন করে প্রাণ পাবে। পর্যটন কেন্দ্রগুলো ঘিরে গড়ে ওঠা ব্যবসা কেন্দ্রিক মানুষগুলো আর্থিক ভাবে স্বাবলম্বী হবে।
-B










