কারিগরি ত্রুটির কারণে লুফথানসার দুই শতাধিক ফ্লাইট বাতিল
জার্মানির ফ্রাংকফুর্ট বিমানবন্দরে লুফথানসা এয়ারলাইনসের ২০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী)সকালের দিকে নির্মাণকাজে কিছু সমস্যার কারণে বিমানবন্দরটির ব্রডব্র্যান্ড কেবলে ত্রুটি দেখা দিলে বোর্ডিং ও চেকইনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে এয়ারলাইনসটি। সে কারণে এসব ফ্লাইট বাতিল করতে হয়। এতে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন হাজারো যাত্রী। তবে দ্রুত ত্রুটি সারিয়ে ফ্লাইট চলাচল শুরু করে লুফথানসা। যদিও শিডিউল জটিলতার কারণে ফ্লাইটগুলো শৃঙ্খলায় ফিরতে কিছুটা সময় লাগে। খবর বিবিসি।
লুফথানসা জানিয়েছে, রেলওয়ে লাইনে কিছু কাজ চলার সময় ভুলবশত ফ্রাংকফুর্টের বেশকিছু জরুরি সরবরাহের তার কাটা পড়ে। যার কারণে বিমানবন্দরেও সংকট সৃষ্টি হয়। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে এয়ারলাইনসটি। গ্রাহকদের জন্য টিকিটের টাকা ফেরত নেয়ার সুযোগও দেয়া হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, এ ঘটনায় দুই শতাধিক ফ্লাইট বাতিলের পাশাপাশি শতাধিক ফ্লাইটের যাত্রা দেরিতে হয়। যেহেতু চেকইন ও বোর্ডিংয়ে সমস্যা হচ্ছিল, তাই তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে লুফথানসার কর্মীদের কাগজ-কলম ব্যবহার করে কাজ সমাধানের চেষ্টা করতে দেখা যায়। কিছু যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতির এমন বর্ণনাই দিয়েছেন। ফ্রাংকফুর্ট এয়ারলাইনসের কর্মীদেরও যাত্রীদের হাতেকলমে কাজ করে সহায়তা করেন। অনেক যাত্রীই কীভাবে টিকিটের টাকা ফেরত পাবেন সে বিষয়ে শঙ্কার কথা জানান। লুফথানসার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, এমন অভিযোগে টুইটও করেন অনেকে।
তবে এক বিবৃতিতে এয়ারলাইনসটি বলেছে, লুফথানসা তার যাত্রীদের অনুরোধ করছে তারা বিমানবন্দরে পৌঁছার আগে যেন কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে উড়োজাহাজের অবস্থান দেখে নেন। অভ্যন্তরীণ যাত্রীরা চাইলে উড়োজাহাজের টিকিটের বদলে রেলওয়ের টিকিট সংগ্রহ করে নিতে পারেন।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখও প্রকাশ করেছেন লুফথানসার মুখপাত্র। ঘটনার পর যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও বিশ্বজুড়ে হাজারো যাত্রী এ ঘটনার জেরে বিপাকে পড়েন। লুফথানসা ও জার্মানির রাষ্ট্রীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান এ দুর্ঘটনার জন্য ডয়চে টেলিকমের ফাইবার অপটিক কেবলে চলমান কাজের কথা উল্লেখ করেছে।
এক বিবৃতিতে ডয়চে টেলিকম জানিয়েছে, দুর্ঘটনার পর রাতভর কাজ করে দুটি কেবল সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। এরই মধ্যে অনেক গ্রাহক সংযোগ ফিরে পেয়েছেন।
-B










