সাগরকন্যা কুয়াকাটায় উপচে পড়া ভিড়
টানা পাঁচ দিনের ছুটি ঘিরে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা।
বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে দেশী-বিদেশী হাজার হাজার পর্যটকের আগমন শুরু হয়। এমন ভিড়ে বুকিং শেষ হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ রিসোর্ট ও হোটেল রুমের।
এ ছাড়া বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। আগতরা সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালিতে মেতে উঠেছেন। অনেকে আবার উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর অপার ছোঁয়া আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ দেখতে পর্যটকদের এখন বিরামহীন ছুটে চলা।
রাখাইন মার্কেট, ঝিনুক মার্কেট, শুঁটকি পল্লী, খাবার হোটেলসহ বাহারি পণ্যের দোকানেও রয়েছে সরব উপস্থিতি। এই পর্যটন নগরীর সবচেয়ে বড় বাধা ছিল সড়কপথে যোগাযোগ না থাকা। তবে পদ্মা সেতু চালুর পর কেটে গেছে সব বাধা। যোগাযোগ সুবিধার কারণে ভিড় বেড়েছে পর্যটকদের।
ছোট বড় মিলিয়ে দেড় শ’ হোটেল রিসোর্ট থাকলেও সরকারি ছুটি কিংবা বিশেষ দিনগুলোতে রুম পাচ্ছেন না পর্যটকরা। আশপাশের বাড়িগুলোকে কমিউনিটি ট্যুরিজমের আওতায় এনে রুম ভাড়া দেয়া হলেও তাতেও জায়গা হচ্ছে না। তাই অনেকে রাত্রি যাপন করে সৈকতে থাকা বেঞ্চ ও মসজিদ-মন্দিরের বারান্দায়।
পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।
-B










