পাকিস্তান এয়ারলাইনসের উড়োজাহাজ জব্দ করলো মালয়েশিয়া

ইজারা নিয়ে বিরোধের জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ মে) পাকিস্তানি এয়ারলাইন্সটি ৪০ লাখ মার্কিন ডলারের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এটাকে আটকে দেওয়া হয়।
পাকিস্তানি একটি স্যাটেলাইট নিউজ চ্যানেল জানিয়েছে, ইজারা নিয়ে বিরোধের জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের উড়োজাহাজ জব্দ করা হয়। এর আগেও একই ঘটনায় দেশটির বিমান আটকে রাখা হয়েছিল। এবার তাদের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিকে জব্দ করা হয়েছে।
পিআইএ মালয়েশিয়া থেকে ওই উড়োজাহাজটি ইজারা নিয়েছিল। এখন ইজারাদারের অনুরোধের পরিপ্রেক্ষিতে একটি আদালত ওই উড়োজাহাজটিকে আটকে রাখার নির্দেশ দেয়।
এর আগে গত বছর ১৭০ জন যাত্রীসহ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করে রাখা হয়েছিল। ঋণ পরিশোধের ব্যর্থতার জেরে একটি আইনি বিরোধের জন্য উড়োজাহাজটিকে আটকে রাখা হয়। তখন যুক্তরাজ্যের একটি আদালতে ওই পাকিস্তানি এয়ারলাইন্স ও অন্য একটি পক্ষের মধ্যে আইনি বিরোধ ছিল।
ইজারাদার বা লিজিং কোম্পানিটি ২০২০ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে ১ কোটি ৪০ লাখ ডলারের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য আদালতে নিয়েছিল। পরে কূটনৈতিক আশ্বাসের বিনিময়ে উড়োজাহাজটি ছেড়ে দেওয়া হয়।
-B










