শারজাহ বিমানবন্দরে যাত্রী পরিবহন বেড়েছে

চলতি বছরের প্রথমার্ধে শারজাহ বিমানবন্দরে ৭০ লাখ যাত্রী যাওয়া-আসা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যাত্রী বেড়েছে ২৪ দশমিক ৪ শতাংশ। বৈশ্বিক পর্যটন খাতের পুনরুদ্ধার ও উড়োজাহাজ পরিষেবার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া এ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। সম্প্রতি এমনটাই দাবি করেছে শারজাহ বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর দ্য ন্যাশনাল নিউজ।
বিমানবন্দরে বছরের প্রথমার্ধে ফ্লাইটের সংখ্যা ৪৬ হাজার ৯০০ অতিক্রম করেছে, ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ১৪ শতাংশ বৃদ্ধি। এভিয়েশন ও কার্গো পরিবহন খাতে টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে শারজাহকে বৈশ্বিক মানচিত্রে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে সম্প্রসারণের ব্যাপারে পরিকল্পনা জানিয়েছে। পরিবহন সক্ষমতা ৮০ লাখ থেকে দুই কোটিতে উন্নীত করা হবে।
ভ্রমণ চাহিদা বাড়ার কারণে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ আরো ছয়টি গন্তব্য ও তিনটি কার্গো রুটকে যুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন গন্তব্যগুলো হলো মালয়েশিয়ার কুয়ালালামপুর, রাশিয়ার উফা ও সামারা, ইরানের লার, ভারতের ইন্দোর ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। নতুন এয়ার কার্গো রুট হিসেবে যুক্ত হচ্ছে হাউস্টন, রুয়ান্ডার রাজধানী কিগালি ও ভারতের নাসিক। সংযুক্ত আরব আমিরাতের জিডিপিতে পর্যটন খাতের হিস্যা ১০ শতাংশ। খাতটিকে আরো কার্যকর ও শক্তিশালী করে গড়ে তুলতে নেয়া হয়েছে উদ্যোগ।
এ খাতে সাড়ে সাত লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে গত বছর, যা দেশের মোট শ্রমবাজারের ১২ শতাংশ।
-B










