যুক্তরাজ্যে অভ্যন্তরীণ ফ্লাইটে কমছে যাত্রী পরিবহন কর

আগামী মাস (এপ্রিল)থেকে যাত্রী পরিবহন কর কমাতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিটমূল্য কমাতে বাধ্য হচ্ছে ব্রিটিশ উড়োজাহাজ সংস্থাগুলো। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী পরিবহন ৩১ শতাংশ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক যখন অর্থমন্ত্রী ছিলেন তখনই এয়ার প্যাসেঞ্জার ডিউটি বা এপিডি পাস হয়েছিল। এতে অভ্যন্তরীণ রুটে টিকিটমূল্য প্রায় অর্ধেক কমিয়ে ৬ পাউন্ড ৫০ পেনি করা হয়, যা ১ এপ্রিল থেকে বলবৎ হবে। এদিকে রেল বিভাগ থেকে প্রশ্ন তোলা হয়, এতে বার্ষিক কার্বন নিঃসরণ ২৭ হাজার টন বাড়বে। এছাড়া রেলপথের যাত্রী ২ লাখ ২০ হাজার কমবে।
এদিকে উড়োজাহাজ সংস্থা ইজিজেট জানায়, এপিডি ৫০ শতাংশ হ্রাসে আকাশপথে অভ্যন্তরীণ ভ্রমণ ৩১ শতাংশ বাড়বে। এবং যাত্রী পরিবহন বেড়ে দাঁড়াবে ১ কোটি ৬ লাখ।
অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক কমলেও এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বাড়ানো হচ্ছে। দুই হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মাইল দূরত্বের ফ্লাইটে শুল্ক ৮৪ থেকে বাড়িয়ে ৮৭ পাউন্ড করা হচ্ছে। সাড়ে পাঁচ হাজার মাইলের বেশি দূরত্বের ফ্লাইটের শুল্ক নির্ধারণ করা হচ্ছে ৯১ পাউন্ড।
-B










