লেবাননে অবতরণের সময় যাত্রীবাহী উড়োজাহাজ বুলেটবিদ্ধ

লেবাননে অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ একটি বিপথগামী বুলেটে আঘাতপ্রাপ্ত হয়েছে। উড়োজাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লেবাননের জাতীয় বিমানসংস্থা মিডল ইস্ট এয়ারলাইনসের (এমইএ) ফ্লাইটটি জর্দান থেকে ছেড়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের শহিদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় এ ঘটনার শিকার হয়।।
উদযাপনের অংশ হিসেবে গুলি ছোড়া লেবাননের একটি সাধারণ ঘটনা। সেখানে রাজনীতিবিদদের বক্তৃতা এবং অন্যান্য বিভিন্ন আয়োজনে ফাঁকা গুলি ছোড়া হয়।
উল্লেখ্য, লেবাননের আইন প্রণেতা পাওলা ইয়াকুবিয়ান ওই ফ্লাইটে ছিলেন এবং তিনি তার টুইটারে এ ঘটনার ছবি পোস্ট করেছেন। ছবিতে উড়োজাহাজের কাঠামোতে একটি গর্ত দেখা গেছে।
পাওলা বলেছেন, তিনি উড়োজাহাজের ২এফ আসনে বসে ছিলেন। তার মাথার ওপরেই ঘটনাটি ঘটেছে।
এমইএ চেয়ারম্যান মোহাম্মদ এল-হাউট বলেছেন, প্রতিবছর বৈরুতে বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা থেকে বিপথগামী গুলির আঘাতে সাত থেকে আটটি স্থির বিমান আঘাতপ্রাপ্ত হয়। তবে এবারের ঘটনাটি প্রথমবারের মতো চলন্ত উড়োজাহাজের ক্ষেত্রে ঘটেছে।
হাউট বলেছেন, লেবাননে ফাঁকা গুলি চালানোর এই অনুশীলন অবশ্যই বন্ধ করতে হবে। এটি উড়োজাহাজ চলাচল এবং বিমানবন্দরের জন্য বিপদের কারণ।
উদযাপনে বাতাসে গুলি চালানোর চর্চা লেবানন জুড়ে বিপদের উৎস। কর্তৃপক্ষ মারাত্মক এ ঐতিহ্যকে বন্ধ করতে সংগ্রাম করেছে।
গত বছর পূর্ব লেবাননে নতুন বছর উপলক্ষে উদযাপনের ফাঁকা গুলিতে একজন সিরীয় মহিলা নিহত হয় এবং বৈরুত বিমানবন্দরে একটি পার্ক করা উগোজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
-B










