ভারত বাংলাদেশের মধ্যে ফের শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন
করোনার প্রকোপ কমে আসায় ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে৷ আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে বলে রেলের উচ্চ পর্যায় সূত্রে জানা গেছে৷
ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ কলকাতা স্টেশন থেকে ঢাকার মধ্যে যাতায়াত করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস৷ কলকাতা থেকে ছেড়ে গেদে সীমান্ত হয়ে ঢাকা পৌঁছত মৈত্রী এক্সপ্রেস আর পেট্রোপোল- বেনাপোল সীমান্ত হয়ে ঢাকা যেত বন্ধন এক্সপ্রেস৷
এর পাশাপাশি এনজিপি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেনও যাতায়াত করত৷ তিনটি ট্রেনের মধ্যে সবার প্রথমে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস৷
ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বেশ কিছুদিন থেকে সরাসরি দেশ দুটি ভ্রমণে যেতে মূলত উড়োজাহাজের উপরেই ভরসা করতে হত যাত্রীদের৷ কিন্তু ব্যয়সাপেক্ষ হওয়ায় অনেকের পক্ষেই বিমানে যাতায়াত করা সম্ভব হত না৷ ফলে ট্রেন পরিষেবা শুরু হলে বহু যাত্রীই উপকৃত হবেন৷
-B










