সিংগাপুরের বিমানবন্দরে লাগবে না পাসপোর্ট

যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও মসৃণ করে তুলতে প্রায়ই নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরগুলো। এরকম সুবিধা এবার নিয়ে এলো সিঙ্গাপুর।
আগামী বছর থেকে পাসপোর্ট ছাড়াই স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সুবিধা পাওয়া যাবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। পাসপোর্টের বদলে ব্যবহার করা হবে বায়োমেট্রিক ডেটা পদ্ধতি। সিঙ্গাপুর থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে এ সুবিধা পাবেন যাত্রীরা।
এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফিন তেও গত সোমবার পার্লামেন্ট অধিবেশনে এ ঘোষণা দেন। নতুন এ নীতির জন্য দেশটির অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে।
পার্লামেন্ট অধিবেশনে তিনি বলেন, স্বয়ংক্রিয়, পাসপোর্টমুক্ত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স চালু করা বিশ্বের কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুর অন্যতম হবে।
আরও্র পড়ুন: কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিত করল ভারত
চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টে স্বয়ংক্রিয় লেনে এরই মধ্যে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারসহ বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
এ পদ্ধতির ফলে যাত্রীরা ঝামেলা ছাড়াই আঙুলের স্পর্শে তাঁদের ব্যাগ সংগ্রহ, ইমিগ্রেশনের ছাড়পত্র ও বোর্ডিং পাসের সুবিধা ভোগ করতে পারবেন। তবে সিঙ্গাপুরের বাইরে অনেক দেশেই সরাসরি পাসপোর্ট ব্যবহারের নীতি রয়েছে। ফলে সিঙ্গাপুর থেকে সেসব দেশে যেতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের অবশ্যই সঙ্গে পাসপোর্ট রাখতে হবে।
বায়োমেট্রিক ব্যবহারের মাধ্যমে একটি একক টোকেন পাবেন যাত্রীরা। এই একটি টোকেনই সবগুলো চেক পয়েন্টে ব্যবহার করা যাবে। এই টোকেন ব্যাগ ড্রপ থেকে শুরু করে বোর্ডিং পাস সব জায়গায় কাগজের প্রয়োজনীয়তা দূর করবে।
আরও্র পড়ুন: ‘শেয়ারট্রিপ মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’-এ ৯ ক্যাটাগরিতে বিমানের পুরস্কার অর্জন
পরিবেশ, ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তির কারণে প্রায়শই বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরের খেতাবটি পেয়ে থাকে চাঙ্গি বিমানবন্দর। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরও। এই বিমানবন্দরটি ১০০টিরও বেশি উড়োজাহাজ সংস্থকে সেবা দিয়ে থাকে। যেখান থেকে বিশ্বব্যাপী প্রায় ১০০টি দেশের ৪০০টি শহরে উড়োজাহাজ উড়ে যায়।
-B










