বিদেশী পর্যটকদের ভ্যাট ফেরত দেবে ফিলিপাইন
বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে ফিলিপাইন সরকার।
এর মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরত দেয়ার মতো পদক্ষেপও। ২০২৪ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এরই মধ্যে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ভ্যাট ফেরত প্রকল্পের অনুমোদনও দিয়েছেন। দেশটির প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস অফিসের (পিসিও) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভোগ্যপণ্যের ওপর ১২ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ফিলিপাইনে কোনো ভোগ্যপণ্য কিনলে তার জন্য ভোক্তাকে ১২ শতাংশ মূল্য সংযোজন কর পরিশোধ করতে হয়। নতুন নিয়মটি কার্যকর হলে একজন পর্যটক ফিলিপাইনের যেসব পণ্যে ভ্যাট দেবেন, সেগুলো আবার তাকে ফিরিয়ে দেয়া হবে। পর্যটকদের জন্য এমন নিয়ম বিশ্বের অনেক দেশেই চালু আছে। দেশের পর্যটন খাতে বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ফিলিপাইনও এটি চালু করতে যাচ্ছে।
সম্প্রতি পর্যটন খাতের বিকাশের লক্ষ্যে ফিলিপাইনের বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা পরিষদ প্রেসিডেন্ট বরাবর বেশকিছু প্রস্তাব দেয়। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, পরিচলন দক্ষতা বৃদ্ধি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে উৎসাহ দেয়া। সেখানেই পর্যটকদের ভ্যাট ফিরিয়ে দেয়ার প্রস্তাবও দেয়া হয়।
নতুন এ প্রস্তাবের অনুমোদন দেয়ার পাশাপাশি কিছু দেশের নাগরিকদের জন্য অনলাইনে ভিসা আবেদন করার পদ্ধতিও অনুমোদন দেন প্রেসিডেন্ট মার্কোস। প্রাথমিকভাবে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানের পর্যটকরা অনলাইনে ভিসা আবেদনের সুযোগ পাবেন।
ফিলিপাইনের পর্যটন বিভাগের তথ্যানুযায়ী, আগে ২০২১ সালে মাত্র ১ লাখ ৬৩ হাজার ৮৭৯ জন পর্যটন ফিলিপাইন ভ্রমণ করেন। তবে গত বছর সাড়ে ২৬ লাখ বিদেশী পর্যটক ফিলিপাইন ভ্রমণ করেছেন। যাদের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩৬৮ কোটি ডলার। যদিও ২০২২ সালের জন্য পর্যটকের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৭ লাখ। অর্থাৎ প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটছে দেশটিতে। যদিও এ সংখ্যা এখনো মহামারীপূর্ব সময়ের কাছাকাছি পৌঁছতে পারেনি।
২০২০ সালে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে দেশগুলো নানা বিধিনিষেধ জারি করে। যার কারণে বন্ধ করে দেয়া হয় সীমান্ত, বন্ধ হয়ে যায় ভ্রমণ। মহামারীর আগে ফিলিপাইনে বছরে ৮২ লাখ ৬০ হাজার বিদেশী পর্যটক ভ্রমণ করতে আসতেন। বর্তমানে পর্যটকের সংখ্যা ওই পর্যায়ে এখনো পৌঁছেনি। তাই পর্যটন আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়নসহ ভ্যাট ফেরত দেয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন সরকার।
-B










