বান্ধবীকে নিয়ে ককপিটে পাইলট -এয়ার ইন্ডিয়াকে নোটিশ
মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে বান্ধবীকে নিয়ে পাইলটের উৎসব করার ঘটনায় এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন এবং নিরাপত্তা কর্মকর্তাকে নোটিশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
গত ২১ এপ্রিল জারি করা হয়েছে ওই নোটিশ। ১৫ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। ডিজিসিএর দাবি, এয়ার ইন্ডিয়া সময় মতো এ ঘটনার কথা তাদের জানায়নি। এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের একজন কর্মী পাইলটের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন।
নিয়ম অনুযায়ী ককপিটে যাত্রীরা ঢুকতে পারেন না। ওই যাত্রীর দাবি, কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে গত ২৭ ফেব্রুয়ারি পাইলট তার বান্ধবীকে ককপিটে ঢোকার অনুমতি দেন। এরপর বিমানকর্মীদের বলা হয়, তার বান্ধবীকে স্বাগত জানানোর জন্য ককপিটে সব রকম ব্যবস্থা করতে। এছাড়াও মদ ও খাবার দেওয়ারও নাকি নির্দেশ দেওয়া হয় কর্মীদের।
ঘটনাটি নিয়ে হইচই পড়ে যায়। তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। ওই উড়োজাহাজটির সমস্ত কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার সংস্থাটির সিইওকেও পাঠানো হলো নোটিশ।
-B










