কানাডায় উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

কানাডার অ্যালবার্টায় ক্যালগেরি শহরের পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শনিবার (২৯ জুলাই) দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, এতে অন্তত ৬ জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যায়। এতে ৫ জন যাত্রী এবং ১ জন পাইলট ছিলেন।
খবরে বলা হয়েছে, এরপর শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১০
আরসিএমপি পুলিশ সদস্য রায়াল সিঙ্গেলটোন জানান, উড়োজাহাজটির ৬ আরোহীই মারা গেছেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। সেইসঙ্গে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তার কারণ জানানো হয়নি।
কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এ দুর্ঘটনা তদন্ত করে দেখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
-B










