ফ্লাইওভারের নিচে আটকে গেল উড়োজাহাজ, শহরজুড়ে যানজট

বিহারের রাস্তায় একটি মজার দৃশ্য ধরা পড়ল। একটি বড় ট্রাকে করে পাখাবিহীন আস্তো উড়োজাহাজ নিয়ে যাওয়ার পথে তা ফ্লাইওভারের নিচে আটকে যায়। এর ফলে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের বিহার রাজ্যে এ দৃশ্যের দেখা মেলে।
অসম্পূর্ণ উড়োজাহাজটি ট্রেলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার পথে পিপরাকথি এলাকায় ফ্লাইওভারের সঙ্গে ট্রাকটি আটকে যায়। এরপরই ওই এলাকায় ভয়াবহ জ্যাম শুরু হয়।
এমন দৃশ্য দেখার জন্য ওই এলাকায় সাধারণ মানুষ ভিড় জমায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ফ্লাইওভারের নিচ থেকে উড়োজাহাজটি বের করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ট্রাক ড্রাইভারের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকায় এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ফ্লাইওভার থেকে উড়োজাহাজটি বের করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
গত বছরের নভেম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশে এ ধরনের একটি ঘটনা ঘটে। উড়োজাহাজবোঝাই ট্রাকটি আন্ডারপাস ক্রস করতে গিয়ে ঘটে বিপত্তি।
-B










