রানওয়েতেই আটকে প্লেন , দুর্ঘটনা থেকে রক্ষা ক্রিকেটারদের

কানপুরে বিমান বিভ্রাটের মুখে পড়তে হল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের।
যান্ত্রিক গোলযোগে ক্রিকেটারদের জন্য নির্ধারিত বিশেষ প্লেনটি উড়তেই পারেনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর)।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পরবর্তী ম্যাচগুলির জন্য ইন্ডিগোর বিশেষ প্লেনে প্রোটিয়া ও ব্রিটিশ ক্রিকেটারদের কানপুর থেকে ইন্দোরে নিয়ে যাওয়ার কথা ছিল শুক্রবার। তবে প্লেনটি অবতরণের পরেই ইঞ্জিন বিকল হয়ে যায়, এমনটাই জানানো হয়েছে কর্মকর্তাদের তরফে। এই অবস্থায় তড়িঘড়ি প্লেনটির ফের উড়ান বিপজ্জনক হতে পারত।
যেহেতু ক্রিকেটারদের জন্য নির্ধারিত বিশেষ প্লেনটি রানওয়েতে আটকে ছিল, তাই মুম্বই থেকে ফিরতি একটি প্লেন অবতরণ করতে পারেনি কানপুরের চাকেরি বিমানবন্দরে। আকাশে বেশ কিছুক্ষণ চক্কর কাটার পরে সেটিকে পাঠিয়ে দেওয়া হয় লখনউয়ের চৌধরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে।
মুম্বই থেকে ফেরা এই প্লেনটিতে যাঁদের যাত্রা করার কথা ছিল, সেই সব যাত্রীরা বিমানবন্দরে হট্টগোল শুরু করেন, যখন বলা হয় যে, তাঁদের প্লেনটি বাতিল হয়েছে এবং রানওয়েরপ্লেনটি ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা রয়েছে। পরে ক্রিকেটারদের সড়কপথে লখনউয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে তাঁরা সেখান থেকে ইন্দোরের প্লেন ধরতে পারেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার এমনই একটি বিশেষ প্লেনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া ভারত ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের কানপুর থেকে ইন্দোরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটারদের ইন্দোরে উড়ে যাওয়ার কথা ছিল। ক্রিকেটাররা প্লেনে চড়ে বসেন। তবে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় রানওয়েতেই উড়ান বাতিল করা হয় প্লেনটির। মাঝ আকাশে এমন সমস্যা দেখা দিলে বড়সড় বিপদে পড়তে হতে পারত জন্টি রোডসদের।
ইন্ডিগোর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অন্য একটি বিশেষ প্লেন নিয়ে আসারা চেষ্টা করা হয়েছিল। তবে কানপুর বিমানবন্দরের দৃশ্যমানতার সমস্যার জেরে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
-B










