পাসপোর্টের দাবিতে বিক্ষোভ

ইতালি ও ফ্রান্স প্রবাসীদের তথ্য প্রমাণের ভিত্তিতে পাসপোর্ট প্রদান এবং সংশোধন আবেদনকারীদের দ্রুত পাসপোর্ট ডেলিভারির দাবিতে পাসপোর্ট অধিদপ্তরের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন প্রবাসী ও তাদের স্বজনরা।
রোববার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাও পাসপোর্ট অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।এ সময় তারা দাবি করেন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের স্বজনরা বলেন, বয়স সংশোধন ও পাসপোর্ট না থাকায় চিকিৎসা সেবাসহ দেশে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়ছেন অনেকে। নবায়ন করতে না পারায় পাচ্ছেন না কাজের অনুমতিপত্রও। মানববন্ধনে সংকট সমাধানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপও চান বিক্ষোভকারীরা।
এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুুরুল আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যারা সঠিকভাবে পাসপোর্টের আবেদন করেছেন তারা পাসপোর্ট পাবেন। যাদের পুরনো পাসপোর্ট আছে তারা যদি নতুনভাবে আবেদন করেন তাহলে তাদের পুরনো পাসপোর্টটি জমা দিতে হবে। না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের একাধিক প্রমাণ দেখাতে হবে যে, তার পাসপোর্টটি হারিয়ে গেছে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শান্তিপূর্ণ মানববন্ধন শেষে সেবা প্রত্যাশীরা সেখান থেকে চলে গেছেন।
-B










