গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি শুরু আজ
কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবনার বিপরীতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর আজ সোমবার থেকে গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গণশুনানি শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এ গণশুনানি আজ ২১ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত।
বিইআরসি জানিয়েছে,গণশুনানির প্রথম দিনে পেট্রোবাংলা এবং গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল-এর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে। ২২ মার্চ সুন্দরবন গ্যাস কোম্পানি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ওপর শুনানি করবে কমিশন। এরপর ২৩ মার্চ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ওপর গণশুনানি হবে।
সবশেষে উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেয়ার সুযোগ থাকবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের। বিধান রয়েছে গণশুনানির পর ৯০ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে।
গত ৭ মার্চের হিসাব মোতাবেক দেশে দৈনিক ২৯৫৬ এমএমসিএফ গ্যাস সরবরাহ করা হচ্ছে। একই দিনে স্পট মার্কেট থেকে আমদানি করা গ্যাসের পরিমাণ ছিল মাত্র ১০১.৬৭ এমএমসিএফডি। যার অনুপাত বের করলে দাঁড়ায় মাত্র ৪ শতাংশের মতো।
এর আগে বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য ১১৭ শতাংশ বা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় জানুয়ারি মাসে। তাতে রান্নার জন্য দুই চুলার সংযোগে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা এবং এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়।
এছাড়া আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি ঘনমিটারের বিদ্যমান মূল্য ১২.৬০ টাকা থেকে বাড়িয়ে ২৭.৩৭ টাকা, সিএনজি প্রতি ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৭৬.০৪ টাকা, হোটেল-রেস্টুরেন্টে ২৩ টাকা থেকে বাড়িয়ে ৪৯.৯৭ টাকা, ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৭.০৪ টাকা থেকে বাড়িয়ে ৩৭.০২ টাকা, ১০.৭০ টাকা থেকে বাড়িয়ে ২৩.২৪ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১৩.৮৫ টাকা থেকে ৩০.০৯ টাকা, চা শিল্পে ১০.৭০ টাকা বাড়িয়ে ২৩.২৪ টাকা করার প্রস্তাব করেছে।
অন্যদিকে বিদ্যুত ও সার কারখানায় থাকা বিদ্যমান দর ৪.৪৫ টাকা থেকে বাড়িয়ে ৯.৬৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাড়তি বিদ্যমান গড় ৯.৩৬ টাকা থেকে বাড়িয়ে ২০.৩৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
-B










