ইন্দোনেশিয়াকে ভিসা অন অ্যারাইভাল আবারও চালুর অনুরোধ

বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল আবারো চালু করার জন্য ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
৩০তম আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) যোগ দিতে জাকার্তায় থাকাকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সাথে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
বাংলাদেশীদের জন্য ইতোপূর্বে ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল চালু ছিল। অর্থাৎ আগে থেকে কোনো ভিসা নেয়া ছাড়াই কেবল পাসপোর্ট নিয়ে জাকার্তা গেলে ভিসা দেয়া হতো। তবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সুযোগের অপব্যবহারের অভিযোগে তা স্থগিত করা হয়েছে।
বৈঠকে ড. মোমেন আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে ইন্দোনেশিয়াকে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসন ত্বরান্বিত করার পাশাপাশি তাদের জন্য মানবিক সহায়তার জোগানে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হিসাবে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইন্দোনেশিয়ার শক্তিশালী সমর্থন চান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সুবিধাজনক সময়ে রেতনো মারসুদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
-B










