ছুটছেই ডলার, আর কত দূর...

ডলার মূল্যের উর্ধ্বমুখীর পাগলা ঘোড়া কোনোক্রমেই থামানো যাচ্ছে না।
গতকাল সব রেকর্ড অতিক্রম করে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১১৯ টাকা থেকে ১২০ টাকা দরে।
এ দর কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক দরের চেয়ে প্রায় ২৫ টাকা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক ডলারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা।
মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার, বেশ কিছু মানি চেঞ্জার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, বড় ছয় ব্যাংকের ট্রেজারি হেডদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি কোনো কিছুতেই যেন সুফল পাওয়া যাচ্ছে না ডলারের মূল্য নিয়ন্ত্রণে। বরং দিনে দিনে টাকার বিপরীতে ডলারের উলম্ফন বেড়ে যাচ্ছে।
গতকালও কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভ থেকে সঙ্কটে পড়া ব্যাংকগুলোর কাছে ১১ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম ৪০ দিনে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে ১৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
ডলারের মূল্য এ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপত্র ও নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম জানান, ডলারের মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাংক ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার।
ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। আমরা এখন পর্যবেক্ষণ করছি। একই সাথে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজার তদারকি অব্যাহত রাখা হবে। তিনি বলেন, গতকালও আমরা বাজারে ১১৪ মিলিয়ন ডলার বিক্রি করেছি। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ৩৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে।
মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমস্যা হলো চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে। একজন ব্যবসায়ী জানান, সকালে শুরুতে নগদ ডলার বিক্রি করেছি ১১৬ টাকায়। পরে আর ডলার নেই। দুপুরে তা ১১৯ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করেছি।
জানা গেছে, দেশে খোলা বাজারে ডলার প্রথমবারের মতো গত ১৭ মে ১০০ টাকার ঘর পেরিয়ে যায়। এরপর আবার কমে আসে। পরে গত ১৭ জুলাই ফের ১০০ টাকা অতিক্রম করে। এর পর থেকে খোলা বাজারে আর ডলারের মূল্য কমেনি, বরং দিন দিন বেড়ে গেছে। গত ৮ আগস্ট প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকায়। ৯ আগস্ট বন্ধ ছিল। কিন্তু গত দুদিন (১০-১১ আগস্ট) তা প্রতি ডলারে ৫ টাকা বেড়ে হয় সর্বোচ্চ ১২০ টাকা।
শুধু খোলা বাজারে নয়, ব্যাংকেও নগদ ডলারের দাম বেড়ে যাচ্ছে।
এ দিকে বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে।
গত ১ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট ৪০ দিনে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে ১৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। শুধু গতকালই (১০ আগস্ট)বিক্রি করা হয়েছে ১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ৮ আগস্ট ছিল ৩৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
সাধারণ গ্রাহকের প্রশ্ন, ডলার দামের এ উল্লম্ফন কত দূর যাবে।
-B










