বোয়িং থেকে রেকর্ড সর্বোচ্চ ক্রয়াদেশ রায়ানএয়ারের
বোয়িংয়ের কাছ থেকে ৭৩৭-১০ মডেলের ১৫০টি নতুন উড়োজাহাজ ক্রয়ে সম্মত হয়েছে রায়ানএয়ার। পাশাপাশি আরো ১৫০টি উড়োজাহাজ ক্রয়ের কথা বিবেচনা করছে, যা আইরিশ কোনো উড়োজাহাজ সংস্থার পক্ষে বোয়িংয়ে সর্বোচ্চ ক্রয়াদেশ। খবর সিএনএন।
সংস্থা দুটির মধ্যকার চুক্তির মূল্যমান ৪ হাজার কোটি ডলার। গত মঙ্গলবার রায়ানএয়ারের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি জানানো। এর আগে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ ক্রয়ের জের ধরে জটিলতা তৈরি হয় রায়ানএয়ারের। ক্রয়াদেশ দেয়ার পর সময়মতো উড়োজাহাজ সরবরাহ না করলে বোয়িংকে উদ্দেশ্য করে সমালোচনা করেন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লিরি।
৭৩৭-১০ মডেলের উড়োজাহাজগুলো বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের মধ্যে সবচেয়ে বড়। এগুলো ২০২৭-২০৩৩ সালের মধ্যে সরবরাহ করা হবে। বোয়িংয়ের সঙ্গে এ চুক্তির বিষয়টি উল্লেখ করে ইউরোপের সবচেয়ে বড় উড়োজাহাজ কোম্পানির পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে ২০৩৪ সালের মধ্যে এটি তাদের যাত্রীর সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ থেকে ৩০ কোটিতে উন্নীত করতে সহায়তা করবে।
রায়ানএয়ারের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘কভিড-পরবর্তী ট্র্যাফিক, পর্যটন ও চাকরি পুনরুদ্ধারের নেতৃত্ব অব্যাহত রেখেছে সংস্থাটি। তাই নতুন এ ক্রয়াদেশ উড়োজাহাজের বহর সংখ্যা বৃদ্ধি সংস্থাটিকে ইউরোপীয় দেশগুলোয় কম ভাড়ায় (ফ্লাইট প্রতি কম কার্বন নির্গমনসহ) টেকসই ট্র্যাফিক ও পর্যটন বাড়াতে সক্ষম করবে।’
কভিডজনিত বিধিনিষেধের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ খাত। তবে অন্যদের তুলনায় রায়ানএয়ারে ভ্রমণ সাশ্রয়ী হওয়ায় মহামারীর অভিঘাত থেকে দ্রুত পুনরুদ্ধার অর্জন করে সংস্থাটি। যাত্রীসংখ্যা হ্রাসের কারণে অন্য ক্যারিয়ারগুলো যেখানে প্রায় দেউলিয়া হয়ে যায়, সেখানে প্রতিযোগীদের তুলনায় বাজার শেয়ার বেড়েছে রায়ানএয়ারের।
এদিকে নতুন চুক্তিটি বোয়িংয়ের জন্য একটি বড় ধরনের সুসংবাদ। বিশেষ করে ৭৩৭ ম্যাক্স মডেলের জন্য। ২০১৯ সালে পর পর দুটি মারাত্মক দুর্ঘটনার জের ধরে বন্ধ হয়ে যায় মডেলটির উৎপাদন। পরবর্তী সময়ে উৎপাদনের অনুমোদন পেলেও গ্রাউন্ডেড হওয়ার পর বোয়িংয়ের পক্ষ থেকে শুধু একটি লাভজনক প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিপরীতে প্রাক-মহামারী স্তরের তুলনায় বিমান ভাড়া ১৪ শতাংশ বৃদ্ধি করেছে রায়ানএয়ার। ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাসে রেকর্ড মুনাফাও অর্জন করে সংস্থাটি। ২২ মে রায়ানএয়ারের পক্ষ থেকে পুরো বছরের আয়ের প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিকে ১৫০টি নতুন উড়োজাহাজ বিক্রয়ের চুক্তির খবর প্রকাশের পর নিউইয়র্কে বোয়িংয়ের শেয়ারদর ৩ শতাংশ বেড়েছে। রায়ানএয়ারের শেয়ারমূল্যও বেড়েছে ২ শতাংশ।
-B










