এভিয়েশন খাত পুনরুদ্ধারে আয় বেড়েছে রায়ানএয়ারের

কোভিড-১৯ মহামারীজনিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল হওয়ায় এভিয়েশন খাত পুনরুদ্ধারের মাধ্যমে মুনাফায় ফিরেছে আইরিশ উড়োজাহাজ সংস্থা রায়ানএয়ার।
চলতি বছরের প্রথমার্ধ শেষে উড়োজাহাজ সংস্থাটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৩৭ কোটি ইউরো। যদিও আগের বছরের একই সময়ে রায়ানএয়ারের নিট লোকসানের পরিমাণ ছিল ৪ কোটি ৮০ লাখ ইউরো।
এক বিবৃতিতে আইরিশ উড়োজাহাজ সংস্থাটি জানায়, ২০২২ সাল শেষে মোট মুনাফা ১০০ থেকে ১২০ কোটি ইউরো হবে বলে প্রত্যাশা রয়েছে রায়ানএয়ারের।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে ইউরোপের জীবনযাত্রার ব্যয় সংকুচিত হলেও উড়োজাহাজ সংস্থা মারাত্মক ক্ষতির মুখোমুখি হবে এমনটিও আশা করেনি রায়ানএয়ার।
উড়োজাহাজ সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ও’লিয়ারি এক বিবৃতিতে বলেন, এভিয়েশন খাত পুনরুদ্ধার হলেও নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলতি অর্থবছরের বাকি সময় সার্বিক পরিস্থিতি নাজুক থাকবে।
তবে আসন্ন ক্রিসমাসে উড়োজাহাজে ভ্রমণের জন্য অগ্রিম বুকিং এবং টিকিট মূল্য শক্তিশালী পর্যায়ে রয়েছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে গত বছর ক্রিসমাসের সময়ে লকডাউনের কারণে উড়োজাহাজে চলাচল বন্ধ ছিল। তবে চলতি বছরে এ সমস্যা থাকবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।
-B










