পর্যটকশূন্য সৈকতে ফিরেছে সাগরলতা
রমজানের শুরু থেকেই পর্যটকশূন্য সাগরকন্যা কুয়াকাটা। ভ্রমণপিপাসুদের আনাগোনা না থাকায় নির্জন সৈকতের বালিয়াড়ি দখলে নিয়েছে সবুজ কার্পেটের আদলে সাগরলতা। সারি সারি সাগরলতা কুয়াকাটা সৈকতের বালিয়াড়িতে ছড়িয়ে গেছে।
সাগরলতাকে স্থানীয়রা কেউ কেউ ‘গোস্তলতা’ আবার কেউ কেউ ‘ডাউঙ্গালতা’ কিংবা ‘গঙ্গালতা’ বলে চেনেন। সাগরলতার বৈজ্ঞানিক নাম Ipomoea pes-caprea। এটি Convolvulaceae গোত্রের উদ্ভিদ। সাগরলতা অতি খরা সহনশীল একটি উদ্ভিদ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সৈকতের বেলাভূমির কোথাও কোথাও ফুটেছে সাগরলতার ফুল। বালিয়াড়ির গহীনে ছড়িয়ে গেছে এর শেকড়। শুকনো বালুর বুকে ঘটেছে সবুজের বিপ্লব। রমজানের আগে কোথাও ছিল না এমন মনজুড়ানো দৃশ্য। সাগরলতা বেড়ে উঠছে তপ্ত শুকনো বালুতে। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের বিভিন্ন পয়েন্টে জন্ম নিয়েছে ‘রেলরোড ভাইন’ নামের এ চমৎকার উদ্ভিদ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. শহীদুর রশিদ ভূঞা বলেন, ‘সাগরলতা হলো সৈকতের সুস্থতার পরিচায়ক। এগুলো বালু ধরে রেখে বালিয়াড়ি সৃষ্টিতে ভূমিকা রাখে। মানুষের অতি আনাগোনায় সাগরলতা হারিয়ে যায়। তাই সৈকতের সুস্থতা ধরে রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।’
-B










