আজ ঘরে ফিরছেন নাবিকরা, অপেক্ষায় স্বজনরা

চট্টগ্রাম: দীর্ঘ অপেক্ষার আজ মঙ্গলবার(১৪ মে) নিজ পরিবারের কাছে ফিরছেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হওয়া ‘এমভি আবদুল্লাহর’ নাবিকরা।
এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় বলেন, ‘জাহাজটি সোমবার (১৩ মে) কুতুবদিয়ায় বন্দর জলসীমায় নোঙর করা হয়েছে। নাবিকেরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে কাল (১৪ মে) আমরা ছোট জাহাজে করে চট্টগ্রামে বন্দর জেটিতে পৌঁছানোর আশা করছি।’
আজ সকালে কুতুবদিয়া থেকে ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে ‘এমভি জাহান মনি-৩’ নামের একটি জাহাজ। দুপুরের পর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা। সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। এছাড়া নাবিকদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা স্বজনদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেবেন।
জানা গেছে, নাবিকদের নিয়ে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটি সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়েছে। পরে জাহাজ থেকে চুনাপাথর খালাস করা হয়।
গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। ৩২ দিন পর ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পায় জাহাজটি।
-B










