বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করছে সৌদি আরব

ঢাকা : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটক সৌদি আরব ভ্রমণ করবে বলে মনে করছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)। এ লক্ষ্যে বাংলাদেশে কার্যালয় চালু করা হবে।
২৪ আগষ্ট এসটিএর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
খবরে আরো বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন। তার সফরসঙ্গী ছিলেন আলহাসান আল-দাব্বাগ।
সফরকালে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের বেশি বাংলাদেশীকে আকৃষ্ট করার আশা প্রকাশ করেন আল-দাব্বাগ। পর্যটনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সফরে তিনি সৌদি আরবের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাংলাদেশী ওমরাহযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্যও বাংলাদেশের সাথে কয়েকটি চুক্তি করে সৌদি আরব। এসটিএ ধারণা করছে, হজ ও ওমরাহ প্রত্যাশীদের যাত্রা সহজ করার জন্য নুসুক চালু করা হলেও সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখতে পারবেন।
এ প্রসঙ্গে আল-দাব্বাগ বলেন, চলতি বছর আমরা ৩ লাখের বেশি বাংলাদেশীকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। তাদের বেশির ভাগই ওমরাহ করতে এসেছেন। তবে এমন লোকজনও আছেন যারা তাদের পরিবার ও বন্ধুদের সাথে দেখা করতে এসেছেন। আবার কিছু মানুষ এসেছেন ব্যবসার জন্য।
আরও পড়ুন: বাংলাদেশ—সৌদি আরব বিমান চলাচল সমঝোতা স্মারক স্বাক্ষর
তাই আমরা এখানে অনেক কিছু করছি। প্রথমত, আমরা একটি প্রতিনিধি অফিস স্থাপন করছি। আমরা এখন আমাদের বাণিজ্য অংশীদার, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
এ বছরের শুরুতে ভারতেও একটি ব্যাপক প্রচারমূলক প্রচারণা চালায় সৌদির পর্যটন কর্তৃপক্ষ। যার লক্ষ্য ছিল ২০২৩ সালের মধ্যে সৌদি আরবে ১ কোটি ২০ লাখ ভারতীয় ভ্রমণকারীকে পর্যটনে আকৃষ্ট করা।
-B










