সাউদিয়া এয়ারের যাত্রীরা পাবেন এলি সাবের লাক্সারি পণ্য

ঢাকাঃ বিলাসবহুল যাত্রার সূচনা করতে যাচ্ছে সৌদি আরবের পতাকাবাহী এয়ারলাইনস সৌদিয়া ও খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড এলি সাব। এখন থেকে এয়ারলাইনসটির ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের যাত্রী হলে পাওয়া যাবে অ্যামেনিটি কিট।
এ অফারের আওতায় সৌদিয়ার ফার্স্ট ক্লাসের নারী যাত্রীরা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ। আউটবাউন্ড ফ্লাইটে থাকছে এলি সাবের আইকনিক মোটিফের কুইল্টেড ফক্স লেদারের ভ্যানিটি কেস। ইনবাউন্ড ফ্লাইটে থাকবে জুয়েলারি বক্সের মতো ডিজাইন করা ব্যাগ।
পুরুষদের জন্য থাকছে প্রিমিয়াম পেবেল গ্রেইন ফক্স লেদারের প্রশস্ত ও স্টাইলিশ ভয়েজার কেজ। যাতে ব্যবহারের সুবিধার্থে থাকবে সাইড হ্যান্ডল ও ডিটাচেবল স্ট্র্যাপ।
বিজনেস ক্লাসের যাত্রীরাও আউটবাউন্ড ও ইনবাউন্ড উভয় ভ্রমণে ভিন্ন ভিন্ন ডিজাইনের ব্যাগ পাবেন। এছাড়া প্রিমিয়াম টিকিট কাটা যাত্রীদের জন্য অ্যামেনিটি কিটে থাকছে এলি সাবের হাই-এন্ড স্কিনকেয়ার প্রডাক্টস—ফেস মিস্ট, লোশন ও পারফিউম। পরিবেশ সচেতনতার অংশ হিসেবে কিটগুলোয় ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ও এফএসসি সার্টিফায়েড প্যাকেজিং।
সৌদিয়ার চিফ গেস্ট এক্সপেরিয়েন্স অফিসার রোসেন দিমিত্রভ বলেন, ‘এলি সাবের সঙ্গে এ অংশীদারত্ব সৌদিয়ার অতিথিদের অভিজ্ঞতা উন্নয়নের অন্যতম মাইলফলক। আমরা একসঙ্গে আকাশপথে এক নতুন মাত্রার শিল্প ও সৌন্দর্য উপহার দিচ্ছি।’
অন্যদিকে এলি সাব গ্রুপের সিইও এলি সাব জুনিয়র বলেন, ‘এ এক্সক্লুসিভ কালেকশনের মাধ্যমে আমরা যাত্রীদের এলি সাবের সূক্ষ্ম শৈলীর অভিজাত অভিজ্ঞতা দিতে পেরে গর্বিত।’
বিশ্ববিখ্যাত লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব মাত্র ১৮ বছর বয়সে নিজের ডিজাইন হাউজ প্রতিষ্ঠা করেন, যা এখন হাউট কৌচার গাউন, বিয়ের পোশাক ও নারীদের সৌন্দর্য উপকরণের জন্য পরিচিত।
এ ব্র্যান্ডের পোশাক জটিল সূচিকর্ম, ঝলমলে কাপড় ও নারীত্বের সৌন্দর্যকে তুলে ধরার জন্য প্রশংসিত। এছাড়া বিয়ের পোশাকে রোমান্টিক ও ক্ল্যাসিক ডিজাইনের মেলবন্ধন ঘটিয়েছেন এলি সাব।
-B










