মালয়েশিয়ার আকাশপথে পরিষেবা রেকর্ড উচ্চতায়

চলতি বছরের মে মাসে মালয়েশিয়া এয়ারপোর্ট এক কোটি যাত্রী চলাচলের রেকর্ড স্পর্শ করেছে। গত বছরের একই সময়ে ৭২ লাখ যাত্রী চলাচল করেছিল, যা চলতি বছরের তুলনায় ৩৭ দশমিক ৭ শতাংশ কম। সম্প্রতি এমনটাই জানিয়েছে মালয়েশিয়া এয়ারপোর্ট হোল্ডিংস বিএইচডির (এমএএইচবি) বিমানবন্দর নেটওয়ার্ক।
২০২০ সালের মার্চে কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর এটিই সর্বোচ্চ যাত্রী পরিবহনের রেকর্ড। গত ডিসেম্বরে বিমানবন্দরটির যাত্রী পরিবহনের পরিমাণ ছিল ৯৫ লাখ ২০ হাজার। কভিড-১৯-পূর্ব সময়ে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে যাত্রী পরিবহন ছিল তুঙ্গে। তখন প্রায় ১ কোটি ১৮ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছিল। তবে পরবর্তী মাসেই তা কমে দাঁড়ায় ৮৮ লাখ ৭০ হাজারে।
এমএএইচবির দাবি অনুসারে, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও চীন থেকে উল্লেখযোগ্য হারে আকাশপথের যাত্রী সংখ্যা বেড়েছে। ফলে আন্তর্জাতিক খাতে সামগ্রিকভাবে যাত্রী বেড়েছে ২৯ লাখ ৮০ হাজার।
এমএএইচবি বর্তমানে মালয়েশিয়াজুড়ে ৩৯টি বিমানবন্দরের পাশাপাশি তুরস্কের একটি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে।
-B










