শাহজালালে বিমানের সঙ্গে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের সঙ্গে উড়ন্ত পাখির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে উড়োজাহাজ ও যাত্রীরা।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ফ্লাইটটি লন্ডন থেকে যাত্রী নিয়ে প্রথমে সিলেটে অবতরণ করে। সেখান থেকে উড়োজাহাজটি ঢাকায় ফিরছিল। এ সময় ফ্লাইটে মোট ৮৯ জন যাত্রী ছিলেন। ঢাকায় আসার পরই পাখির সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। তবে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, পাখির সঙ্গে ধাক্কা লাগা ফ্লাইটটি বিমানের সর্বাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।
তিনি বলেন, বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণে কাজ করছে। একই সঙ্গে এটি মেরামতের কাজও চলমান।
-B










