শাহজালালের ৩য় টার্মিনাল চলবে পিপিপিতে
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়িত হবে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ কাজ।
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে জাপানের ৫টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।
সচিবালয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার, হ্যাঙ্গার এপ্রোন এবং ফায়ার স্টেশনের উত্তর দিকে এপ্রোন নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজে ব্যয় বাড়ার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ২৬ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকা। এ কাজটি করছে যৌথভাবে- বিইউসিজি, এনডিই ও অ্যারোনেস।
অতিরিক্ত সচিব জানান, ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল বৈঠকে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পটি ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
-B










