বেতনের সমান বোনাস দেবে সিঙ্গাপুর এয়ারলাইনস
কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস প্রদান করবে সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড। রেকর্ড পরিমাণ বার্ষিক মুনাফা অর্জন শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
যেসব কর্মীকে এ বোনাস দেয়া হবে তারা ৬ দশমিক ৬৫ মাসের বেতনের সমান মুনাফা ভাগাভাগির বোনাস পাবেন, পাশাপাশি তাদের কঠোর পরিশ্রম ও মহামারীর সময়ের আত্মত্যাগের জন্য আরো সর্বোচ্চ দেড় মাসের বেতন পাবেন। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই খবরে বলা হয়েছে, সিনিয়র ম্যানেজমেন্ট এ বোনাস পাবে না।
৩১ মার্চে শেষ হওয়া রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটির মূল আয় হয়েছে ১৬২ কোটি ডলার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সব ধরনের কেবিন ক্লাসেই আগামীতে বিক্রি ব্যবস্থা ভালো থাকবে। আর বুকিংয়ের ক্ষেত্রে নেতৃত্ব দেবে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।
সিঙ্গাপুর এয়ারলাইনস ও তাদের স্বল্পমূল্যের শাখা স্কট ২০২৩ সালে ২ কোটি ৬৫ লাখ যাত্রী পরিবহন করেছে, যা ২০২২ সালের মার্চ পর্যন্ত ১২ মাসের সংখ্যার তুলনায়ও বেশি। গত মার্চে তাদের যাত্রী পরিবহনের সক্ষমতা ছিল কভিড-পূর্ববর্তী মাত্রার ৭৯ শতাংশ। সব মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছে এয়ারলাইনসটি।
সিঙ্গাপুর এয়ার জানিয়েছে, গত এপ্রিলে তারা ১৭ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে। যা গত বছরের একই মাসের তুলনায় ৫৩ শতাংশ বেশি। হংকংয়ের প্রতিদ্বন্দ্বী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেডের এ উচ্চতায় যেতে আরো অনেকটা সময় লেগে যাবে। গত বছর তাদের মুনাফা ছিল মহামারীর আগের মাত্রার তুলনায় মাত্র অর্ধেক।
-B










