আকাশ ছোঁয়া গিটার হোটেল

দূর থেকে দেখে মনে হবে যেন বিশাল চেহারার একটি গিটার আকাশ ছুঁয়েছে। কিন্তু এই গিটারে সুর তোলা যায় না। তবে থাকা যায়। ভাবছেন নিশ্চয়ই এ আবার কেমন জিনিস! গিটারে কিনা থাকা যায়! দেখতে গিটার হলেও আসলে এটি একটি চকচকে হোটেল। এই হোটেলে থাকতে গেলে আপনাকে আমেরিকা পাড়ি দিতে হবে।
দক্ষিণ ফ্লোরিডায় সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতেই রয়েছে এই গিটার হোটেল। গিটার হোটেলে ৬৩৮টি গেস্ট রুম রয়েছে। সেই সাথে রয়েছে স্যুটও। সেখানেও জাঁকজমকভাবে থাকতে পারবেন। গিটার হোটেলটি ৪৫ তলার। উচ্চতায় ৪৫০ ফুট। রিসোর্টের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই হোটেল। গিটারের মতো দেখতে হওয়ায় হোটেলটিকে ঘিরে আলাদা আকর্ষণ তৈরি হয়েছে সবার মধ্যে। বর্তমানে দক্ষিণ ফ্লোরিডার ওই এলাকাটির অভিজ্ঞান হয়ে গেছে গিটার হোটেল। এই হোটেলের সামনে রয়েছে এক টুকরো সবুজের প্রাঙ্গণ।
রয়েছে বিভিন্ন গাছের সারি। রয়েছে সুইমিং পুলও। সব মিলিয়ে একান্তে সময় কাটানোর আদর্শ ঠিকানা। দিনের বেলায় চকচকে নীল আকাশ আর সূর্যের আলোয় গিটার হোটেলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। সূর্যের আলো যখন হোটেলের গায়ে পড়ে, তখন ঝলমল করে ওঠে চার দিক।
রাতে আবার অন্য এক অবতারে দেখা যায় এই হোটেল। নিয়ন আলোর রোশনাইয়ে চেহারা পাল্টে যায় হোটেলের। এমনকি অনেক সময় আলোর রঙও বদলে যায়।
আমেরিকার সঙ্গীতশিল্পী এলভিস প্রেসলির বাইক, পোশাকও রাখা রয়েছে হোটেলের মধ্যে। শুধু তা-ই নয়, পপ গায়িকা রিহানা, সঙ্গীতশিল্পী ম্যাডোনার পোশাকও সাজিয়ে রাখা আছে। সেই সাথে রয়েছে আরো এক সঙ্গীতশিল্পী নীল ডায়মন্ডের গাড়ি। সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর মধ্যে রয়েছে এই গিটার হোটেল। এই রিসোর্টে রয়েছে ১৯টি রেস্তোরাঁ, ২০টি পানশালা। এ ছাড়াও রয়েছে নাইটক্লাব, স্পা-ও। বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এই হোটেলে এক রাতের জন্য থাকতে হলে খরচ করতে হবে প্রায় ৪৬৭ ডলার।
- -B










