ইন্ডিগোর উড়োজাহাজে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ

সুরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা করার মাত্র একদিনের মধ্যেই বেসরকারি ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর সুরক্ষায় বেশ বড়সড় ত্রুটি ধরা পড়লো।
কলকাতা থেকে চেন্নাই যাওয়ার পথে ইন্ডিগোর একটি উড়োজাহাজের লাগেজ হোল্ডে ধোঁয়া দেখা দিল। যার ফলে মাঝ আকাশ থেকেই উড়োজাহাজটি ফের কলকাতা অভিমুখে ফেরত আসে ও নিরাপদে অবতরণ করে রানওয়েতে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে এই ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই উড়োজাহাজের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। উড়োজাহাজটি কলকাতায় ফিরে আসার পরে ইঞ্জিনিয়াররা সেটিকে খুঁটিয়ে দেখে কিভাবে এই ধোঁয়া বেরোলো, তা বোঝার চেষ্টা করছেন।
ধোঁয়া দেখা যায় উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন পাইলট। তড়িঘড়ি বিমানবন্দরে এমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করা হয়। উড়োজাহাজটি রানওয়ে ছোঁয়ার পরই এমারজেন্সি গেট দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের বের করে আনা হয়।
কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। যার ফলে ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন ৩০ লাখ টাকা জরিমানা করে ওই উড়োজাহাজ সংস্থাকে। ইন্ডিগোর এ৩২১ এয়ারক্রাফ্টের লেজ ৬ মাসের মধ্যে ৪ বার অবতরণের সময় রানওয়ে ছুঁয়েছিল।
গত জুন মাসে এই ঘটনার কারণে ইন্ডিগোর বিরুদ্ধে স্পেশাল অডিট বসায় ডিজিসিএ। সেই অডিটের পরই ডিজিসিএ শুক্রবার জরিমানা করে ইন্ডিগোকে। আর তারপরেই আজ ফের এই জরুরি অবতরণ। ডিজিসি-এর তরফে জানানো হয়, ইন্ডিগোকে প্রয়োজনীয়তা এবং নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট সংস্থার নথি এবং পদ্ধতিগুলিকে সংশোধন করতে হবে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের দিনের উড়োজাহাজ ভাড়া বেড়েছে ৪ গুণ
এছাড়াও, গত বছর বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে উড়োজাহাজে উঠতে দিতে অস্বীকার করায় ইন্ডিগোকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। রাঁচি বিমানবন্দরের ওই ঘটনার পরেও ডিজিসিএ কড়া সতর্কবার্তা শুনিয়েছিল ইন্ডিগোকে। সেই সঙ্গে গত বছর আগস্ট মাসে একই ভাবে মাঝ আকাশে উড়োজাহাজ থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল এই ইন্ডিগোরই একটি উড়োজাহাজে।
-B










