বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করবে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করবে দক্ষিণ আফ্রিকা। একই সাথে দেশটি বাংলাদেশের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) প্রিটোরিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার উপপররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডিথ মাশেগো ডলামিনি এ সব কথা জানান।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ-উভয় দেশের জনগণই সহনশীল এবং উদ্যোগী। দক্ষিণ আফ্রিকার পর্যটন, টেক্সটাইল এবং অন্যান্য খাতে বাংলাদেশীদের বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। দুই দেশ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে। এ সম্পর্ককে আরো বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো উচিত।
ডলামিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন, টেক্সটাইল, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং পণ্য সরবরাহ চেইন সহযোগিতার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। এ সব সম্ভাবনা কাজ লাগাতে দুই দেশের পররাষ্ট্র দফতরের মধ্যে নিয়মিত বৈঠক হওয়া প্রয়োজন। তিনি বলেন, উভয় পক্ষ কৃষি ও শান্তিরক্ষার ক্ষেত্রে জ্ঞান বিনিময় করতে পারে।
শাহরিয়ার আলম জাতিসঙ্ঘে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থনের জন্য দক্ষিণ আফ্রিকা সরকারকে ধন্যবাদ জানান এবং আরো কয়েকটি প্রার্থীর জন্য সমর্থন চান। তিনি রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য দক্ষিণ আফ্রিকা সরকারকে ধন্যবাদ জানান এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী উদ্যোক্তাদের চুক্তিবদ্ধ চাষের বাংলাদেশের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ডলামিনি বলেন, এ ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে জ্ঞানের আদান-প্রদান হতে পারে এবং বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে। তিনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন।
উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। বৈঠকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-B










