জানুয়ারিতে মাস্কের বাধ্যবাধকতা শিথিল করবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্যানডেমিক রেসপন্স অথরিটি আগামী জানুয়ারির শুরুতে দেশব্যাপী মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দেশটির নীতি নির্ধারণী বিষয়ক আলোচনায় এ প্রস্তাব দেয়া হয়।
রাজধানী সিউলে এক ব্রিফিংয়ে কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এজেন্সির কমিশনার পেক কিয়ং-রান জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসায় বাধ্যতামূলক মাস্ক পরিধানের নিয়মাবলী ২০২৩ সালের জানুয়ারি বা মার্চে বাতিল করা হবে।
তবে অফিস ভবন বা হাসপাতালের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে মাস্ক পরার নিয়ম বাতিল হবে না।
দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত মোট জনসংখ্যার ৬৫ শতাংশেরও বেশি কভিড-১৯ ভ্যাকসিনের তিনটি ডোজ গ্রহণ করেছেন। আর এ কারণে সংক্রমণের তীব্র বৃদ্ধির আশঙ্কা হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার মাস্ক পরার নিয়ম সহজ করার ইঙ্গিত দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু এক সংবাদ সম্মেলনে বলেন, চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জানুয়ারিতে মাস্কের বাধ্যবাধকতা বাতিল হতে পারে।
এর আগে চলতি বছরের এপ্রিলে মহামারীতে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নিয়ম থেকে সরে আসে দেশটি। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে আজ দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৭১৪ রোগী। এখন পর্যন্ত মোট আত্রান্ত শনাক্তের সংখ্যা ২ কোটি ৭৪৮ লাখ। মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮৪৭ জনের।
-B










