বিদেশী পর্যটকদের ব্যয় ৭গুণ বেড়েছে জাপানে

গত বছর জাপানে বিদেশী পর্যটকদের ব্যয় হয়েছে ৮৯ হাজার ৮৭০ কোটি ইয়েন বা ৬৮০ কোটি ডলার, যা ২০২১ সালের চেয়ে সাত গুণ বেশি। গত অক্টোবরে করোনা নীতিমালা শিথিল হওয়ায় জাপানে বিদেশী পর্যটক আগমন বৃদ্ধি এতে প্রভাবকের ভূমিকা পালন করেছে।
জাপান ট্যুরিজম এজেন্সির জরিপে বলা হয়, ২০২১ সালে জাপানে ১২ হাজার ৮০ কোটি ইয়েন ব্যয় করেছিল বিদেশী পর্যটকরা, যা ২০১০ সালে উপাত্ত রাখা শুরুর পর সর্বনিম্ন ছিল। ২০১৯ সালে রেকর্ড ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছিল বিদেশী পর্যটকরা। ২০২২ সালে বিদেশী পর্যটকরা প্রায় ৯০ হাজার কোটি ইয়েন ব্যয় করেছে। গড়ে প্রতিজন ২ লাখ ৩৪ হাজার ৫২৪ ইয়েন করে ব্যয় করেছে, যা ২০১৯ সালের গড় ব্যয়ের চেয়ে ৪৭ দশমিক ৯ শতাংশ বেশি।
পর্যটন খাত চাঙ্গায় বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। বিদেশী পর্যটক ব্যয় ৫ ট্রিলিয়ন ইয়েনে নিয়ে যেতে চায়। তবে কোন সময়ের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সে ব্যাপারে বিস্তারিত জানায়নি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার। ২ কোটি ৮০ লাখ বিদেশী পর্যটক যদি গড়ে ১ লাখ ৮০ হাজার ইয়েন ব্যয় করে, তাহলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। ২০২২ সালে জাপানে বিদেশী পর্যটক আগমন হয়েছে ৩৮ লাখ ৩০ হাজার। অক্টোবর থেকে ডিসেম্বরেই তারা ব্যয় করেছে ৫৯ হাজার ৪৯০ কোটি ইয়েন, যা পুরো বছরের ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ।
দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটকরা সর্বোচ্চ ১৩ হাজার ৫২০ কোটি ইয়েন ব্যয় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ হাজার ৯২০ কোটি ইয়েন ব্যয় করেছে চীনা পর্যটকরা। যুক্তরাষ্ট্রের পর্যটকরা ৯ হাজার ৫৯০ কোটি ইয়েন ও হংকংয়ের পর্যটকরা ৭ হাজার ৬২০ কোটি ইয়েন ব্যয় করেছে।
-B










