স্পাইসজেটের পাইলটের লাইসেন্স বাতিল
ভারতের মুম্বাই-দুর্গাপুরগামী স্পাইসজেটের একটি বিমান গত মে মাসে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছিল।
ওই দুর্ঘটনায় তিন ক্রু ও ১৪ জন যাত্রী আহত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এয়ার টার্বুলেন্সের কারণেই ওই দুর্ঘটনা ঘটে।
পরে ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে জানা যায়, বিমানের সহ-পাইলটের দেওয়া তথ্য উপেক্ষা করেছিলেন পাইলট। যার কারণে ওই দিন দুর্ঘটনাটি ঘটে।
এ অভিযোগে এসজি-৯৪৫ বিমানের পাইলটের লাইসেন্স ছয় মাসের জন্য বাতিল করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। এছাড়া অভিযুক্ত পাইলটকে শোকজও করা হয়েছে। কেন তিনি সহ-পাইলটের তথ্য উপেক্ষা করেছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) ডিজিসিএর এক সিনিয়র কর্মকর্তা জানান, বিধি লঙ্ঘনের কারণে পাইলট-ইন-কমান্ডের লাইসেন্স ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে।
পাইলট খারাপ আবহাওয়া পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করতে পারতেন বলে মনে করা হয়েছে। যেহেতু এটি একটি গুরুতর ঘটনা, তাই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) বিষয়টি তদন্ত করছে। তবে স্পাইসজেটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
-B










