সেরা ব্যাংকের অ্যাওয়ার্ড জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড

ব্রিটিশ মাসিক পত্রিকা ‘দ্য ব্যাংকার’ আয়োজিত ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২২-এ অষ্টমবারের মতো ‘বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
বাংলাদেশে গ্রিন ফাইন্যান্সিং প্রবর্তন, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া টেকসই করা, উদ্ভাবনের গতি ত্বরান্বিত করতে ডিজিটাল সলিউশনস চালু এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের কল্যাণে ভূমিকা রাখায় এ স্বীকৃতি অর্জন করছে ব্যাংকটি।
সাজিদা ফাউন্ডেশনের জন্য দেশের প্রথম গ্রিন জিরো-কুপন বন্ডের মাধ্যমে গ্রিন সলিউশন প্রবর্তন, ব্যবসা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ক্ষমতায়ন এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহপ্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের (পিএএল) জন্য দেশের প্রথম গ্রিন বন্ডের প্রবর্তন ব্যাংকের এ স্বীকৃতি অর্জনের পেছনে ভূমিকা রেখেছে।
তাছাড়াও গ্রাহকদের ট্রেড ডকুমেন্ট সাবমিশন অভিজ্ঞতা উন্নত করতে এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য ও বিনিয়োগ পদ্ধতি পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ডিজিটাল ট্রেড কাউন্টার (ডিটিসি) প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের সাদিক সাদাকাহ অ্যাকাউন্টটিও স্বীকৃত হয়েছে, যা সক্রিয়ভাবে সাম্প্রদায়িক চাহিদা সমাধান ও পূরণে কাজ করে।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, যুগোপযোগী পরিবর্তন, অগ্রগতি ও অংশীদারত্ব মিলিয়ে বাংলাদেশের পথচলা অনন্য মাত্রা ধারণ করেছে। এ পথচলায় জাতি ও বাণিজ্যিক কল্যাণে নতুন ধারণা ও প্রযুক্তির মাধ্যমে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত।
-Biplob










