হঠাৎ নিখোঁজ উড়োজাহাজ, উৎকণ্ঠা দমদম বিমানবন্দরে

১৫৮ জন যাত্রী নিয়ে শনিবার (১৫ অক্টোবর) মুম্বই থেকে কলকাতা আসছিলএকটি উড়োজাহাজ। কিন্তু দমদম বিমানবন্দরের কাছাকাছি চলে আসার পর কলকাতার আকাশ থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় উড়োজাহাজটি।
কয়েক মিনিটের জন্য আকাশে থাকা উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির। কলকাতাগামী উড়োজাহাজের রেডিও অ্যাক্টিভ সিস্টেমের সঙ্গে এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার জেরেই ঘটে বিপত্তি।
উড়োজাহাজের খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন এয়ার ট্রাফিক কন্ট্রোল। হুলস্থুল পড়ে যায় দমদম বিমানবন্দরে। তবে মিনিট পাঁচেক পর উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ তৈরি করতে সক্ষম হয় এটিসি। পরে ১৫৮ জন যাত্রী নিয়ে নিরাপদে দমদম বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
এটিসি সূত্রে খবর, মুম্বই থেকে কলকাতাগামী একটি উড়োজাহাজের পাইলটের সঙ্গে কথা বলার রেডিয়ো অ্যাক্টিভ সিস্টেম বিচ্ছিন্ন হয়ে পড়ে। বারবার এটিসি পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পারেনি। ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা।
প্রশ্ন উঠে উড়োজাহাজটি গেল কোথায়? অবশেষে টানা ৫ মিনিট ধরে চেষ্টা করার পর খোঁজ মেলে উড়োজাহাজটির। সেই সঙ্গে স্বস্তি ফেরে এটিসি কর্তাদের মধ্যে।
উল্লেখ্য, শনিবার সকাল ন’টা নাগাদ ১৫৮ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ওই উড়োজাহাজটি। তবে ঠিক কী কারণে এটিসির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল তা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।
-B










